স্পিডবোট দুর্ঘটনার আটটি কারণ

আপডেট : ১১ মে ২০২১, ০০:৩৯

চালক নেশাগ্রস্ত অবস্থায় অতিরিক্ত গতিতে স্পিডবোট চালানোসহ দুর্ঘটনার আটটি কারণ উল্লেখ করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করেছে মাদারীপুর জেলা প্রশাসনের গঠিত তদন্তদল। রবিবার বেলা সাড়ে ৩টার দিকে তদন্তদলের প্রধান মো. আজাহারুল ইসলাম মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তদন্ত প্রতিবেদনে দুর্ঘটনার আটটি কারণ, ঘাটের ১৬টি অবস্থাপনা আর প্রতিরোধে ২৩ দফা সুপারিশ করা হয়।

গত ৩ মে সোমবার ভোরে ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের ধাক্কা লাগলে ঘটনাস্থলেই ২৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তিন কার্যদিবসের পর রবিবার পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করে তদন্ত কমিটি।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেছেন, তদন্ত দলের কারণগুলো খতিয়ে দেখে ঘাটের অবস্থাপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব সুপারিশমালা দিয়েছেন, সেসব সরকারের উচ্চ মহলে পাঠানো হবে। এর আগে ডোপ টেস্টের মাধ্যমে চালক শাহ-আলমের গাঁজা ও ইয়াবা সেবনের অস্তিত্ব পাওয়ার বিষয় নিশ্চিত করে স্বাস্থ্য বিভাগ।