ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে তিন জনই শিশু এবং হামাসের সিনিয়র এক কমান্ডার রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। এর আগে ইসরাইল গাজায় মিসাইল হামলাও চালায় এবং এতে এক জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে। গতকাল সকালে ইসরাইল মুসলিমদের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ কম্পাউন্ডে অভিযান চালায়। সেখানে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।—খবর আলজাজিরা ও রয়টার্সের
১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে জেরুজালেমের কিছু অংশ দখল করে নেয় ইসরাইল। এ ঘটনার বার্ষিকী উপলক্ষ্যে উগ্র জাতীয়তাবাদী ইসরাইলিদের ‘জেরুজালেম দিবস’ পালনকে কেন্দ্র করে সংঘর্ষের সুত্রপাত হয়। সংঘর্ষের সোমবার ফিলিস্তিনি প্রতিবাদকারীরা পাথর নিক্ষেপ করে আর ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শব্দ বোমা, টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, এ সহিংতায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন, তাদের মধ্যে প্রায় ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। আল-আকসা পুরো রমজান জুড়ে জেরুজালেমের সহিংসতার কেন্দ্রস্থল হয়ে আছে। দুই পক্ষের এই সংঘর্ষের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ ছড়িয়েছে। হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন পাস্কি ইসরাইলের সহিংসতায় উদ্বেগ প্রকাশ করেছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ জরুরি ভিত্তিতে ক্লোজড ডোর বৈঠক করেছে।
