বিনোদন রিপোর্ট
ঈদ আর ঈদের ইত্যাদি দুটি যেন একই সূত্রে গাঁথা। দীর্ঘ তিন দশক ধরে ইত্যাদি ঈদের ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি ঈদেই গ্যালারি উপচেপড়া হাজার হাজার দর্শকের মুখরিত মঞ্চে হানিফ সংকেত দর্শকদের জানান ঈদ মোবারক এবং সাদর সম্ভাষণ। থাকে বর্ণাঢ্য আয়োজন। তবে এবারের ইত্যাদির সেই চিরচেনা চিত্রে কিছুটা ব্যতিক্রম ঘটবে। কারণ করোনা ভাইরাস। তাই পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও স্বাস্থ্যবিধি মেনে দর্শক, শিল্পী ও কলাকুশলীদের সুরক্ষা ও নিরাপত্তার কথা ভেবে চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ইত্যাদি ধারণ করা হয়নি। তবে দর্শকরা যাতে নিরাশ না হয় সেজন্য এবারো ভিন্নভাবে সাজানো হয়েছে ঈদের বিশেষ ইত্যাদি। আগে প্রচারিত ঈদ ইত্যাদির কয়েকটি পর্ব থেকে সংকলন করে ভিন্নভাবে সাজানো হয়েছে এবারের ইত্যাদি। যা নতুনভাবে ধারণ করে সংযোজন করা হয়েছে এই বিশেষ ঈদ পর্বে। এবারের ইত্যাদির বিভিন্ন পর্বে দেশের বিনোদন জগতের শীর্ষ তারকাদের দেখা যাবে। বরাবরের মতো এবারো ‘ইত্যাদি’ শুরু করা হয়েছে সেই একই গান দিয়ে ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’। গান এক হলেও প্রতিবারের মতো এবারো রয়েছে এর চিত্রায়ণে বৈচিত্র্য। এবারের ঈদ ইত্যাদিতে একটি বিষয়ভিত্তিক গান সংকলন করা হয়েছে। গেয়েছেন নন্দিত শিল্পী সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোর। আমাদের সচেতনতা নিয়ে গানটির কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন করেছেন সদ্যপ্রয়াত ফরিদ আহমেদ। গানটির চিত্রায়ণে অংশ নিয়েছেন শতাধিক নৃত্যশিল্পী। ঈদ ইত্যাদির একটি পর্বে অংশগ্রহণ করেছেন সত্তর দশকের পর্দায় ঝড় তোলা তিনজন নায়ক। এদের মধ্যে রয়েছেন বুলবুল আহমেদ, ফারুখ ও সদ্যপ্রয়াত ওয়াসিম। দীর্ঘদিন পর এই তিন নন্দিত নায়ককে দর্শকরা ঈদের ইত্যাদিতে একসঙ্গে দেখতে পাবেন। আর তিন নায়কের সঙ্গে রয়েছেন এই প্রজন্মের তিন নায়ক ঈমন, নীরব ও সজল। রয়েছে ভিনগ্রহের তিন মানবের এই পৃথিবী নামক গ্রহে আগমন ও ভিন্ন অভিজ্ঞতা নিয়ে ফিরে যাওয়া। এই পর্বে অংশ নিয়েছেন অভিনেতা ও পরিচালক শহীদুজ্জামান সেলিম, মীর সাব্বির, মডেল-অভিনেতা ঈমন এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক আলমগীর। জাহিদ হাসান ও মাহফুজ আহমেদের সঙ্গে অভিনেত্রী ডলি জহুরের একটি মজার প্রশ্নোত্তর পর্ব রয়েছে। মিউজিক্যাল পর্বে অংশ নিয়েছেন অভিনয় তারকা চঞ্চল চৌধুরী, জয়, সংগীতশিল্পী আগুন, বিপ্লব, হাসান ও কুদ্দুস বয়াতী। একটি ভিন্ন আঙ্গিকের নাচের আয়োজনে অংশ নিয়েছেন মৌ, মৌসুমী, ফেরদৌস ও নোবেল। ইত্যাদির একটি গানে অংশ নিয়েছেন এই প্রজন্মের ক’জন জনপ্রিয় শিল্পী প্রতিক হাসান, প্রিতম হাসান, কনা ও ঐশী। লিখেছেন লিটন অধিকারী রিন্টু, সুর ও সংগীত পরিচালনা করেছে প্রিতম হাসান। নির্বাচিত দর্শকদের নিয়ে করা দর্শক পর্বে অংশগ্রহণ করেছেন অভিনয় তারকা অপূর্ব ও মিথিলা। এছাড়াও অর্ধশত বিদেশিদের নিয়ে রয়েছে একটি সচেতনামূলক মজার পর্ব। রয়েছে নিয়মিত পর্ব মামা-ভাগ্নে ও নানী-নাতির বিশেষ নাট্যাংশ। ঈদকে ঘিরে রয়েছে আরো ডজনখানেক বিদ্রুপাত্মক রসালো নাট্যাংশ। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। ইত্যাদি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে ঈদের পর দিন রাত ০৮টার বাংলা সংবাদের পর।
