ঈদের বিশেষ সেলিব্রেটি ক্যাফেতে শোবিজের তিন তারকা থাকছেন দেশের শীর্ষ এফএম স্টেশন জাগো এফএম-এ। তারকারা হলেন চঞ্চল চৌধুরী, অপু বিশ্বাস ও সামিনা চৌধুরী। তানভীর তারেকের গ্রন্থনা ও উপস্থাপনা এবং আরজে উদয় চৌধুরীর প্রযোজনায় টানা তিনদিন রাত ১০ টায় প্রচার হবে এই বিশেষ ঈদ সেলিব্রেটি ক্যাফে। অনুষ্ঠান প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, 'সাধারণত সব অনুষ্ঠানে আমি যাই না। এটা সবাই জানে। কারণ সবাই সেই মাপের প্রশ্নও করতে পারে না। যা নিয়ে কথা বলা যায়। তানভীর সেদিক দিয়ে ব্যতিক্রম। অনেক বিষয় নিয়েই কথা বললাম। যা এ সময়ে বলাটাও জরুরি।' উল্লেখ্য, জাগো এফএম-এ তানভীর তারেকের উপস্থাপনায় 'রাতাড্ডা উইথ তানভীর' অনুষ্ঠানটি ভীষণ জনপ্রিয় একটি অনুষ্ঠান। ঈদ স্পেশাল এই আড্ডা প্রসঙ্গে তানভীর তারেক বলেন, 'ঈদ নিয়ে কোনো প্রশ্ন করিনি। কারণ গত তিন ঈদে আমাদের ভেতরে মানসিক কোনো আনন্দ নেই। তাই সময়কে ধরে রাখার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ করেছি। যে সব বিষয় নিয়ে কৌতুহলটা আমার নিজেরও ছিল। খুবই প্রাণবন্ত একটা আড্ডা হয়েছে, আমার বিশ্বাস এই ঘরবন্দি ঈদে বিশেষ এই এপিসোডগুলো দারুণ এক উপহার হিসেবেই অনুভ"ত হবে দর্শক ও শ্রোতাদের কাছে।' এদেশের অনবদ্য অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, 'তানভীর তারেক আমার কাছে অবশ্যই বিশেষ। কারণ প্রশ্ন ও প্রসঙ্গ তুললেই একমাত্র আড্ডা বা আলাপনের রসদ তৈরি হয়। সেদিক দিয়ে দারুণ একটা সময় কেটেছে আমাদের রেকর্ডিংয়ের সময়েও। সবাইকে ঈদের শুভেচ্ছা।'
