ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণ শুরু

আপডেট : ১১ মে ২০২১, ২১:৩৩

 

দ্রুততম সময়ের মধ্যে বিতরণ করতে হবে:শিল্পমন্ত্রী

 

ইত্তেফাক রিপোর্ট

সরকারের দ্বিতীয় দফার প্রণোদনা প্যাকেজের আওতায় মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের জন্য ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে এসএমই ফাউন্ডেশন। গতকাল মঙ্গলবার অনলাইনে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি। এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান অনুষ্ঠানে সভাপত্বি করেন। অনুষ্ঠানে মোট সাত জন উদ্যোক্তার মধ্যে ৯৭ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ কর হয়।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের অর্থ দ্রুততম সময়ের মধ্যে উদ্যোক্তাদের মধ্যে বিতরণ করতে হবে। যেসব উদ্যোক্তা প্রথম প্যাকেজের আওতায় সুবিধা পাননি তাদের খুঁজে বের করে ঋণের আওতায় আনতে হবে। এক্ষেত্রে নারী-উদ্যোক্তাদের বিশেষ গুরুত্ব দিতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের প্রতি আমাদের বিশেষভাবে নজর দিতে হবে।

সভাপতির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান বলেন, এসএমই ফাউন্ডেশনের অনুকূলে বরাদ্দকৃত ৩০০ কোটি টাকার মধ্যে চলতি অর্থবছরে ১০০ কোটি টাকা এবং আগামী অর্থবছরে ২০০ কোটি টাকা বিতরণ করা হবে। এই ঋণ বিতরণের লক্ষ্যে সরকার নির্দেশিত সব ধরনের নির্দেশনা অনুসরণ করা হবে। ইতোমধ্যেই ১১টি ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক ও প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সম্পাদনের মাধ্যমে ঋণ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে এসএমই ফাউন্ডেশন। এছাড়া প্রত্যন্ত অঞ্চলের উদ্যোক্তাদের ঋণের আওতায় আনতে বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ আরো কয়েকটি সরকারি-বেসরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সইয়ের প্রক্রিয়াও শুরু করেছে এসএমই ফাউন্ডেশন।

প্রণোদনা প্যাকেজের আওতায় উদ্যোক্তাগণ ৪ শতাংশ সুদে ঋণ পাবেন। গ্রাহক পর্যায়ে ঋণের পরিমাণ হবে সর্বনিম্ন ১ লাখ টাকা থেকে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা পর্যন্ত। ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে সর্বোচ্চ ২৪টি সমান মাসিক কিস্তিতে ঋণ পরিশোধ করা যাবে। এ ঋণ বিতরণে এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যেই ১১টি ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পাদন করেছে এবং আরো ১০ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পাদন প্রক্রিয়াধীন। প্রথম দফার প্রণোদনা প্যাকেজের আওতায় ঋণ না পাওয়া পল্লি ও প্রান্তিক পর্যায়ের উদ্যোক্তাগণকে ঋণ প্রদান করবে। মোট ঋণের ২৫-৩০ শতাংশ নারী উদ্যোক্তাদের মধ্যে বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে।