স্পোর্টস ডেস্ক
আগামী মৌসুমেও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলবেন দারুণ ফর্মে থাকা উরুগুয়ে তারকা এডিনসন কাভানি। সোমবার রেড ডেভিলসদের সঙ্গে চুক্তির মেয়াদ আরো এক বছর বাড়িয়েছেন তিনি। ইংল্যান্ডে এসে প্রথম মৌসুমেই ১৫ গোল করেছেন ৩৪ বছর বয়সি কাভানি। যার মধ্যে শেষ সাত ম্যাচে করেছেন ৮ গোল। ইউনাইটেডকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় অবস্থানে এবং ইউরোপা লিগের ফাইনালে পৌঁছে দিতে দারুণ ভূমিকা রেখেছেন কাভানি।
ইউনাইটেডের দেওয়া এক বিবৃতিতে উরুগুইয়ান এই তারকা বলেন, ‘এই এক মৌসুমে ক্লাবটির প্রতি আমার দারুণ মায়া জন্মে গেছে। এটি এর সবকিছুরই প্রতিফলন। সমর্থকরা আমাকে এখানে রাখতে যে কতটা ব্যাকুল তার একটা ছোঁয়া আমি পেয়েছি। তাদের খুশি করার জন্য আমি সামর্থ্যের সবটুকুই করার চেষ্টা করব। মাঠে জয় দিয়ে নিজের পারফর্মেন্সের প্রতিফলন ঘটাতে চাই। এখনো পর্যন্ত ওল্ড ট্রাফোর্ডে দর্শকদের উপস্থিতিতে খেলার সুযোগ পাইনি। এর জন্য যেন আমার আর তর সইছে না।’
কাভানি যুক্তরাষ্ট্রে পাড়ি জমাচ্ছেন, এমনই গুঞ্জন উঠেছিল। তখনই ইউনাইটেডের কোচ ওলে গুনার সুলশার তাকে দলে রেখে দেওয়ার আগ্রহ প্রকাশ করেন। সুলশার বলেন, ‘এডিনসন যখন চুক্তিতে স্বাক্ষর করছিলেন তখন আমি বলেছিলাম, সে দলের মধ্যে শক্তি, নেতৃত্ব ও কর্মশক্তি ফিরিয়ে আনবে। আমার ঐ ধারণাটি মিথ্যা প্রমাণিত হয়নি। আমার যে চাহিদা তার সবটুকুই তার মধ্যে রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশার চেয়ে বেশিই আছে।’
