বিএনপি জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে : মতিয়া চৌধুরী

আপডেট : ১১ মে ২০২১, ২১:৫৭

বিশেষ প্রতিনিধি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ উন্নয়নের রাজনীতি করে। আর বিএনপি জন্মলগ্ন থেকে ষড়যন্ত্রের রাজনীতি করে। সে কারণে করোনাকালে বিএনপির নেতারা মিডিয়ার মাধ্যমে বিবৃতি, বক্তৃতা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আর আওয়ামী লীগ নেতাকর্মীরা করোনার শুরু থেকেই কর্মহীন, অসহায় গরিব মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন। গতকাল দুপুরে কদতমলী থানা আওয়ামী লীগ আয়োজিত ২ হাজার পরিবারের মধ্যে ঈদ উপহার শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কদমতলী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  মো. মোবারক হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, মিরাজ হোসেন, চৌধুরী সাইফুন্নবী সাগর, কাউন্সিলর সাহিদা, তাজুল ইসলাম, মো. রাসেল ইকবাল, খান মুহাম্মদ জাহিদ প্রমুখ।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, করোনার শুরু থেকেই প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মহীন ও অসহায় মানুষের পাশে ছিল। শুধু করোনাই নয়, অতীতে যে কোনো দুর্যোগে জনগণের পাশে ছিল। বিরোধী দলে থাকা অবস্থাতেও জনগণের পাশে দাঁড়িয়েছে। করোনার শুরু থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগের দলীয় উদ্যোগে সারা দেশে কয়েক কোটি মানুষকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। তিনি বলেন, করোনায় কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে সরকার, আওয়ামী লীগের পাশাপাশি সমাজের বিত্তবানদের সহযোগিতা প্রয়োজন।