ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে অনলাইনে জুয়া

আপডেট : ১১ মে ২০২১, ২১:৫৯

চার যুবক গ্রেফতার, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ইত্তেফাক রিপোর্ট  

ভার্চুয়াল কারেন্সি ব্যবহার করে ক্যাসিনো প্ল্যাটফরমের মাধ্যমে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গ্রেফতারকৃতরা হলেন—শাহিনুর রহমান, দীপ্ত রায় প্রান্ত, গোলাম মোস্তফা ও  রাকিবুল হাসান। তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে খিলক্ষেত থানায় মামলা হয়েছে। ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে পাঠানো হয়েছে।

গত সোমবার রাতে খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহূত ল্যাপটপ, আইপ্যাড, একাধিক স্মার্টফোন, হার্ডডিস্ক, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়। গতকাল দুপুরে এসব তথ্য জানান ইকোনমিক            ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিং টিমের সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ দেশি-বিদেশি প্রতারক চক্র বিভিন্ন ধরনের ভার্চুয়াল কারেন্সি ও পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত প্রত্যেকেই বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্র।

সাইফুল ইসলাম বলেন, গ্রেফতার শাহিনুর ক্যাসিনো প্ল্যাটফরমের বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা ও অর্থ লেনদেন করেন। তিনি পেমেন্ট গেটওয়ে মেলবেট ও লাইনবেটের সরাসরি এজেন্ট। আর গ্রেফতার দীপ্ত রায়, মোস্তফা ও রাকিবুল মোভক্যাশের মাধ্যমে অনলাইন জুয়া পরিচালনা করেন।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য তারা  দেশ-বিদেশের বিভিন্ন এজেন্টের কাছ থেকে কারেন্সি সংগ্রহ করে দেশব্যাপী অনলাইন                    জুয়াড়িদের সরবরাহ করতেন। তারা গ্রাহকদের সঙ্গে এই কারেন্সি বিক্রি এবং এনক্যাশের জন্য জয়পুরহাটের আক্কেলপুর, টাঙ্গাইল, ঢাকাসহ বিভিন্ন এলাকার বিকাশ, নগদ ও রকেট এজেন্ট নম্বর ব্যবহার করতেন।