নির্মমতা!

আপডেট : ১১ মে ২০২১, ২২:৫৩

কোনো শত্রুতা, প্রতিহিংসা কিংবা জমে থাকা ক্ষোভ নয়। শুধু প্রতিবেশীর রান্নাঘরে দেড় বছরের শিশু মূত্র ত্যাগ করার মাসুল দিতে হলো জীবন দিয়ে। বোধশক্তিহীন ঐ শিশুটিকে ৪৫ বছরের আরেক জন মা আঁছড়ে হত্যা করে মরদেহটি লুকিয়ে রাখে। পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে শিশু আরাফাত হত্যার দায়ে আটক কোহিনুর বেগম।

জানা যায়, উপজেলার দৌলতপুর ইউপির দাড়েরপাড়া গ্রামের শরিফুল ইসলামের শিশুপুত্র আরাফাত হোসেন গত শনিবার সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর আরাফাতকে খুঁজে না পেয়ে তার পিতা দৌলতপুর থানায় জিডি করেন। এরপর ঐ শিশুর স্বজন ও পুলিশ অনুসন্ধান চালিয়ে গত সোমবার সকালে প্রতিবেশী সফের উদ্দিন চুড়িওয়ালার রান্নাঘরের পরিত্যক্ত চুলার মধ্যে বস্তা দিয়ে প্যাঁচানো শিশুটির লাশ উদ্ধার করে। শিশু হত্যার দায়ে সফের উদ্দিন চুড়িওয়ালার স্ত্রী কোহিনুরকে আটক করে পুলিশ।

দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনুর তার রান্নাঘরে চুলার পাশে খেলতে খেলতে প্রসাব করে ফেলায় ক্ষিপ্ত হয়ে শিশুটিকে তুলে আঁছড়ে ফেলে দেয় বলে জানায়। এসময় প্রচণ্ড আঘাতে শিশুটি মারা গেলে বস্তায় প্যাঁচিয়ে চুলার মধ্যে লুকিয়ে রাখে। তাকে এ কাজে আরো দুই-এক জন সহযোগিতা করে বলে কোহিনুর জানিয়েছে।