করোনায় মৃত্যু ১২ হাজার ছাড়াল

আপডেট : ১১ মে ২০২১, ২২:৫৩

১৬ দিনে আরো ১ হাজার মানুষের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১২ হাজার ছাড়িয়ে গেছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে আরো ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ১২ হাজার পাঁচ জনের। সংক্রমণের বিস্তার রোধে কঠোর লকডাউনের মধ্যেই গত ২৫ এপ্রিল দেশে করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা ১১ হাজার পেরিয়েছিল। তার সঙ্গে আরো ১ হাজার নাম যুক্ত হতে সময় লাগল ১৬ দিন। অবশ্য এই সময়ে দৈনিক মৃত্যুর সংখ্যা বেশ কিছুটা কমে এসেছে। ৩৩ জনের মৃত্যুর যে তথ্য স্বাস্থ্য অধিদপ্তর মঙ্গলবার জানিয়েছে, তা সাত সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর আগে সবশেষ ২৪ মার্চ করোনা ভাইরাসে এর চেয়ে কম মৃত্যু দেখতে হয়েছিল বাংলাদেশকে, সেদিন মোট ২৫ জন মারা যাওয়ার খবর এসেছিল। গত এক দিনে আরো ১ হাজার ২৩০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জন হয়েছে। দৈনিক শনাক্ত রোগীর এই সংখ্যাও আট সপ্তাহের মধ্যে সবচেয়ে কম। এর আগে এর চেয়ে কম রোগী শনাক্তের খবর এসেছিল গত ১৪ মার্চ। সেদিন ১ হাজার ১৫৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ার খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।