বেনাপোল দিয়ে বাংলাদেশে ফেরা পাসপোর্টধারী ৪০০ বাংলাদেশিকে এবার যশোরের হোটেলেই ঈদ উদ্যাপন করতে হবে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধির অংশ হিসেবে তারা ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে এই হোটেলগুলোতে অবস্থান করছেন। ঈদের দিন তাদের সেমাই, পোলাও, মাংসসহ উন্নত খাবার সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
যশোরের জেলা প্রশাসন সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ১ মে এবং পরে বেনাপোল বন্দর দিয়ে দেশে ফিরে আসা বাংলাদেশিদের ঈদের দিন হোটেলেই থাকতে হবে। আর ৩০ এপ্রিল দেশে ফেরত আসাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা ১৪ মে। এখন পর্যন্ত আসা যাত্রীদের হিসেবে ঈদের দিন হোটেলেই থাকতে হচ্ছে ৩৯১ জনকে। আর ১৪ মে ছুটি মিলছে ১০১ জনের।
জেলা প্রশাসনের তথ্যমতে, গত ২৬ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন ২ হাজার ৬৯৯ জন। তাদের মধ্যে যশোর জেলায় অবস্থান করছেন ১ হাজার ১৮১ জন। এর মধ্যে যশোর শহরের বিভিন্ন হোটেলে ৪৬৭ জন, বেনাপোল হোটেলে ৪৩৮ জন, গাজীর দরগায় ১৪০ জন, যশোর বক্ষব্যাধি হাসপাতালে ১০১ জন, অন্যান্য ক্লিনিকে তিন জন ও যশোর জেনারেল হাসপাতাল করোনা ইউনিটে পজিটিভ ১৩ জনসহ ৩২ জনকে রাখা হয়েছে।
ভারতফেরত রোগীদের কোয়ারেন্টাইনে রাখার জন্য যশোর জেলায় ২৯টি হোটেল রিকুইজিশন করেছে জেলা প্রশাসন। এর মধ্যে শহরের ১৬টি হোটেল রয়েছে। বেনাপোলেও নেওয়া হয় আরো ১৩টি হোটেল। পাশাপাশি রয়েছে ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায়ও করা হয়েছে কোয়ারেন্টাইন।
