কিশোরগঞ্জের নিকলীতে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে শিশুসহ ছয় জন আহত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা সদরের জাফরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে জাফরাবাদ গ্রামের দীন ইসলামের ছেলে আকাশকে (১৮) জেলা সদরের শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই গ্রামের নুরুল ইসলামের ছেলে রিয়ান (৮), মুর্শেদ মিয়ার মেয়ে শ্রাবন্তীকে (৯) নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শামসুল হকের মেয়ে তিশা (১৮), আলামিনের ছেলে তুহিন (৪) ও আশরাফুলের মেয়ে নিশাকে (৬) প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, নিকলী উপজেলা সদরের খালিশাহাটি গ্রামের নুরুল ইসলামের ছেলে নাজিউর রহমান সোহেল (৩০) বাড়ির পাশের সোয়াইজনী নদীর পশ্চিম তীরের চরের অংশ ভূমিহীন বন্দোবস্ত নিয়ে চাষ করে আসছিলেন। মঙ্গলবার সকালে ঐ জমির মাটি কাটছিলেন।
এ সময় পাশের নদীর ইজারাদার সাদ্দাম হোসেন মাটি কাটতে সোহেলকে বাধা দেয়। এ সময় সোহেল ও তার ভাই সাদ্দামকে কিলঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। সাদ্দামের চিত্কারে তার বাড়ির লোকজন ছুটে আসে। এ সময় সোহেল নদী সাঁতরে ওপারে গিয়ে বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র এনে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সোহেলের ছোড়া ছররা গুলিতে শিশুরা আহত হয়।
ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম সিদ্দিকী বলেন, এ ব্যাপারে গুলিবিদ্ধদের পক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
