দৌলতদিয়া ঘাট

ঝড়ে পন্টুনের তার ছিঁড়ে মাইক্রোবাস পদ্মায়, দুই ঘণ্টা পর উদ্ধার

আপডেট : ১১ মে ২০২১, ২২:৫৯

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে হঠাত্ ঝড়োহাওয়ায় পন্টুনের লোহার তার (টানা) ছিঁড়ে একটি মাইক্রোবাস নদীতে পড়ে গেলে দুই ঘণ্টা পর তা উদ্ধার করা হয়। গাড়িতে চালক ছিল বলে স্থানীয়রা জানালেও তাকে পাওয়া যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পাঁচ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য মাইক্রোবাসটি (ঢাকা মেট্রো চ-১৪-২৬০৮) গতকাল বেলা সাড়ে ১১টায় পন্টুন দিয়ে এগিয়ে যাচ্ছিল। এ সময় হঠাত্ ঝড়ো বাতাস শুরু হলে তার (টানা) ছিঁড়ে পন্টুন সরে গেলে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। মাইক্রোবাসে যাত্রী ছিল কি না তা জানা যায়নি। তবে স্থানীয়রা জানান, গাড়িটি ডুবে যাবার সময় চালককে তারা দেখতে পেয়েছেন। 

সংবাদ পেয়ে গোয়ালন্দ ঘাট থানাপুলিশ, গোয়ালন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মী এবং পাটুরিয়া থেকে ডুবুরির একটি দল উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করার পর দেড়টার দিকে মাইক্রোবাসটি উদ্ধার করতে পারলেও গাড়িতে চালকের কোনো সন্ধান পাওয়া যায়নি।

ওসি আব্দুল্ল­াহ আল তায়েবির জানান, ডুবে যাওয়া মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে, গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল কি না এখনো জানা যায়নি, ডুবুরিরা চালককে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিআইডব্লি­উটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. ফিরোজ শেখ বলেন, মাইক্রোবাসে চালক ছাড়া অন্য কোনো আরোহী ছিলেন কি না তা জানা যায়নি।