সন্ধ্যায় থাকবে নতুন চাঁদের অপেক্ষা

আপডেট : ১২ মে ২০২১, ০১:১৮

মহামারির আতঙ্ক, মৃত্যুভয়, যন্ত্রণাক্লিষ্ট রোগীদের চাপা আর্তনাদ, হাসপাতালে হাসপাতালে উদ্বিগ্ন স্বজনদের ছোটাছুটি—করোনাকালে দেশে যখন এমন পরিস্থিতি, তখন পবিত্র মাহে রমজানের সিয়াম সাধনা শেষে খুশির সওগাত নিয়ে আবার এলো ঈদ। এটি মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব। আজ বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। তবে ৩০ রোজা হলে ঈদ হবে এক দিন পর, শুক্রবার। প্রসঙ্গত: সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে গতকাল মঙ্গলবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সেখানে ৩০ টি রোজা পালিত হচ্ছে।

ঈদুল ফিতর আরবি শব্দ। ‘ঈদ’ অর্থ আনন্দ, উত্সব বা খুশি। আর ফিতর অর্থ ভাঙা বা চিড়। ঈদুল ফিতর অর্থ হলো রোজা ভাঙার পর্ব বা উত্সব। ঈদের শাব্দিক অর্থ হলো ‘বারবার ফিরে আসা’। দিনটি বারবার ফিরে আসে বলে এর নামকরণ হয়েছে ঈদ। রহমত, মাগফেরাত ও নাজাতের মাস রমজানের অবসানে ঈদের চাঁদ দেখামাত্র ছোট-বড়, ধনী-গরিব প্রতিটি মুসলমানের হূদয় আনন্দে উদ্বেল হয়ে ওঠে। এই দিনে ধনী-গরিব, বাদশাহ-ফকিরনির্বিশেষে সব মুসলমান এক কাতারে ঈদের নামাজ আদায় করেন, একে অপরকে আলিঙ্গন করেন। ঈদ মুসলিম উম্মাহর জাতীয় উত্সব। ঈদুল ফিতরের দিনটি প্রতিটি মুসলমান নারী ও পুরুষের জীবনে তাত্পর্যে ও মহিমায় অনন্য। এক মাস সংযম সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির যে প্রচেষ্টা বিশ্বাসীগণ চালান, ঈদুল ফিতর তারই পূর্ণতার সুসংবাদ।

ঈদ বাংলাদেশে সর্বজনীন উত্সব। ধর্মের গ্লি পার হয়ে ঈদ সাবলিল সামাজিক উত্সবে পরিণত হয়েছে। পাড়া-প্রতিবেশী, ধর্ম ও সামাজিক কাঠামোর যে শ্রেণিরই লোক হোক, তাকে ঈদের আনন্দে শরিক করা কর্তব্য। একই কারণে ঈদগাহে যাওয়ার আগে যে কোনো মানুষের সঙ্গে পূর্বের শত্রুতা, বিবাদ- মনোমালিন্য প্রভৃতি মিটিয়ে ফেলা উচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায় :‘আজি আরাফাত ময়দান পাতা গাঁয়ে-গাঁয়ে,/ কোলাকুলি করে বাদশাহ-ফকিরে, ভায়ে-ভায়ে’.../ আজি ইসলামী ডঙ্কা গরজে ভরিজাহান/ নাই ছোট-বড় সকল মানুষ এক সমান...!’

মূলত যারা এক মাস সিয়াম পালন করে কষ্টকে অনুভব করেছেন; নামাজ, তারাবিহ, ইবাদত-বন্দেগি ও ইসলামের অনুশাসন পালন করেছেন, তাদের জন্য এ ঈদের আনন্দ বেশি উপভোগের, উচ্ছ্বাসের ও শান্তির। তাদের জন্য মহান রব্বুল আলামিনের এক মহাপুরস্কার হচ্ছে ঈদ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে  দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

চঁদি দেখা কমিটির  বৈঠক আজ

ঈদের তারিখ নির্ধারণ, ১৪৪২ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে আজ বুধবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর :৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।

ঘরবন্দি ঈদের জামাত

প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রমণকালে এবার জনস্বাস্থ্য সুরক্ষার কারণে ঈদুল ফিতরের জামাত ঈদগাহ অথবা খোলা জায়গায় না করার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি মসজিদেই একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হবে। অতিসম্প্রতি ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে সার্কুলারও জারি করে। এর জন্য এবার রাজধানীর জাতীয় ঈদগাহ ও দুই সিটি করপোরেশনের অধীনে কোনো খোলা জায়গা বা মাঠে ঈদের জামাত হচ্ছে না। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল ৭টা থেকে এক ঘণ্টা পর পর ঈদের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।