রেড ক্রিসেন্টের ঈদের জামা পেয়ে আনন্দে ভাসছে ভাসানচরের রোহিঙ্গা শিশুরা

আপডেট : ১২ মে ২০২১, ০০:২৬

রেড ক্রিসেন্টের দেওয়া ঈদের জামা পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েছে ভাসানচরের রোহিঙ্গা শিশুরা। নতুন জামা গায়ে দিয়ে আনন্দে এদিক-সেদিক ছোটাছুটি করছে। গত তিন দিন ধরে আনন্দে ভাসছে রোহিঙ্গা ক্যাম্পের শিশুরা। শিশুদের এ খুশিতে আনন্দিত তাদের স্বজনরাও। নোয়াখালী জেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা করে জানানো হয়, জেলার ভাসানচরের আড়াই হাজার রোহিঙ্গা পরিবারের শিশুকে ঈদের জামা এবং ৭৮০ পরিবারকে এক মাসের জন্য চাল, ডাল, তেলসহ খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। রবিবার ও সোমবার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের রেড ক্রিসেন্ট সোসাইটির অপারেশন প্রধান সেলিম আহমেদের তত্ত্বাবধানে নোয়াখালী ও চট্টগ্রাম জেলা ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যরা এসব সামগ্রী বিতরণ করেন। আরো জানানো হয়, রোহিঙ্গা শিশুদের জন্য ঈদের জামা দিয়েছেন ব্যক্তিগত তহবিল থেকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নবনিযুক্ত ট্রেজারার ও চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ সালাম এবং খাদ্যসামগ্রী দিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি।