গোল্ডেন মনিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা

আপডেট : ১২ মে ২০২১, ০০:৪৫

সোনা চোরাচালানসহ নানা অপকর্মের মাধ্যমে কয়েক শ’কোটি টাকার মালিক মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে রাজধানীর বাড্ডা থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার বিকালে সিআইডির পরিদর্শক ইব্রাহিম হোসেন বাদী হয়ে এই মামলা করেন।

মামলায় মনিরের সহযোগী আবদুল হামিদ (৬০), মনিরের স্ত্রী রওশন আক্তার,  ছেলে রাফি হোসেন, বোন নাসিমা আক্তার, নাসিমার স্বামী হাসান আলী খান, মনিরের আরেক ভগ্নিপতি নাহিদ হোসেনকে আসামি করা হয়েছে। তাকে অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার  চেয়ারম্যান ও সিরাজগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক রিয়াজ উদ্দিনকে (৬৩) আসামি করা হয়েছে। এছাড়া রিয়াজের ভাই হায়দার আলী (৫৬), ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম ওরফে শফিককেও (৫২) আসামি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, অপরাধলব্ধ আয় দিয়ে গোল্ডেন মনির স্ত্রী,  ছেলে এবং তার নিজের নামে সরকারি ২০টিসহ ৩০টি প্লট, ১৫টি ভবন, ১টি আবাসন প্রতিষ্ঠান এবং ২টি গাড়ির শোরুম করেছেন। ব্যাংকে তার নামে রয়েছে ৭৯১ কোটি টাকা।