বিনোদন রিপোর্ট
প্রতিটি ঈদ মানেই সিনেমা হলে শাকিব খানে ছবি। সারাবছর তার ছবির প্রতি দর্শকদের যে আগ্রহ থাকে তা আরো কয়েকগুণ বেড়ে যায় এই সময়ে। শাকিবের নতুন ছবি বাড়তি আনন্দ যোগ করে ঈদে। পরিচালক-প্রযোজকরাও সেই সুযোগ হারাতে চান না। তাই প্রতি ঈদেই তার একাধিক ছবি মুক্তির খবর থাকে। তবে করোনার কারণে গতবছর থেকে সেই ধারাবাহিকতায় ছন্দপতন হয়েছে। যদিও গতবছর অনলাইন অ্যাপে শাকিবের একটি ছবি মুক্তি পেয়েছিল। তবে সেটা নিয়েও ছিল নেতিবাচক অভিজ্ঞতা। তাই দর্শকরা অপেক্ষায় ছিলেন এবার হয়তো হলে শাকিবের নতুন কোনো ছবি আসবে। কিন্তু সেই আশাও এবার ভঙ্গ হয়েছে। কারণ এবার হলে একমাত্র ডিপজলের ‘সৌভাগ্য’ ছবিটি ছাড়া কোনো ছবি মুক্তি দেওয়া হয়নি। যদিও শাকিব খান ‘অন্তরাত্মা’ ছবিটির শুটিং দ্রুত শেষ করেছিলেন ঈদকে সামনে রেখে। তবে দর্শকদের কথা মাথায় রেখে বিভিন্ন টিভি চ্যানেল অনুষ্ঠানমালায় রেখেছে পছন্দের তারকার ছবিসহ একাধিক অনুষ্ঠান। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে নাগরিক টিভি শাকিব খানের বেশ কয়েকটি ছবি প্রচার করছে। ঈদের দিন থেকে এই ছবিগুলোর প্রচার শুরু হয়েছে। সেই তালিকায় আজ প্রচার হবে সকাল ৮টায় প্রচার হবে ‘স্বপ্নের বাসর’, সকাল ১১টায় ‘সবার ওপরে প্রেম’ ও বিকেল ৫টা ৪৫ মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’। আগামীকাল বিকেল ৫টা ৪৫ মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি টু’ প্রচার করা হবে। ঈদের ৬ষ্ঠ দিন দুপুর ২টা ৩০ মিনিটে ‘সবার ওপরে তুমি’, সপ্তম দিন সকাল ১১টায় ‘মা আমার স্বর্গ’ ও দুপুর ২টা ৩০ মিনিটে ‘সন্তান আমার অহঙ্কার’ প্রচারিত হবে।
শাকিব খানকে নিয়ে এত বড় আয়োজন প্রসঙ্গে চ্যানেলটির অনুষ্ঠান প্রধান কামরুজ্জামান বলেন, ‘করোনাকালে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ। ঈদেও মুক্তি পাচ্ছে না কোনো ছবি। মূলত সে কথা মাথায় রেখেই শাকিব খানের সেরা ১৮টি ছবি বাছাই করি আমরা। আমাদের বিশ্বাস ঈদের ছুটি ও ঘরবন্দি জীবনের একঘেঁয়েমি কাটাতে নাগরিকের এই আয়োজন হতে পারে দর্শকদের জন্য বাড়তি পাওয়া।’
