স্পোর্টস ডেস্ক
নিজেদের ১৩৭ বছরের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো এফএ কাপের শিরোপা জিতল লেস্টার সিটি। শনিবার রাতে ঘরোয়া এ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে লেস্টার ১-০ গোলে হারায় চেলসিকে। টানা দুই ফাইনালে হারের আক্ষেপে পুড়ল এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা চেলসি। মাঠ ছাড়ার আগে লেস্টারের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবল হামজা চৌধুরীর উদ্যাপন বিশেষ আলোড়ন তোলেন। ফিলিস্তিনের পতাকা হাতে আরেক মুসলিম সতীর্থ ওয়েসলি ফোফানার সঙ্গে মাঠ প্রদক্ষিণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত এ মিডফিল্ডার। ফিলিস্তিনের ওপর ইসরাইলিদের হামলার প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনের পতাকা হাতে তুলে নেন তারা। ইউরোপিয়ান ফুটবলে আলোড়ন তোলেন হামজা। চ্যাম্পিয়ন হয়ে নিজের টুইটারে আলহামদুলিল্লাহ লিখেছেন হামজা।
২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে রূপকথার জন্ম দেওয়া অখ্যাত এ ক্লাবটি ব্রেন্ডন রজার্সের হাত ধরে পঞ্চমবারের চেষ্টায় জিতল এফএ কাপ।
লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে লেস্টারের বিপক্ষে ফেবারিট হিসেবেই নেমেছিল চেলসি। রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠা দলটি টমাস টুখেলের অধীনে রীতিমতো উড়ছিল। তবে ব্রেন্ডন রজার্সের শিষ্যরা ভেরনার-জিয়েশদের টেনে মাটিতে নামাল। অল ব্লুজদের স্বপ্নভঙের তেতো স্বাদ দিল আরো একবার। স্বপ্নের ট্রফি জয়ের একমাত্র গোলটি হয় ৬৩ মিনিটে। প্রায় ২৫ গজ দূর থেকে লেস্টারের বেলজিয়ান মিডফিল্ডার ইয়োরি তিয়েলসমানের গোলার মতো শট, চেলসি কিপার কেপা রুখতে পারেননি।
পঞ্চমবারে এসে শিরোপা জয়ের আনন্দ বাঁধভাঙা ছিল লেস্টার ফুটবলারদের। শেষ বাঁশি বাজার পর জেমি ভার্ডি, কেসপার স্মাইকেলের বাঁধ আনন্দ দেখে কে! দ্য ফক্সেসের শিরোপা উত্সব চলেছে রাতভর।
