স্পোর্টস রিপোর্টার
অতিথি দল শ্রীলঙ্কা চলে এসেছে। ঈদের ছুটি কাটিয়ে বাংলাদেশ দলও অনুশীলনে নামছে আগামীকাল। যদিও গতকাল কয়েক জন ক্রিকেটার ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন। হোম সিরিজের আবহ এখন মিরপুর স্টেডিয়ামে। আজ ঠিক হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের টিভি সম্প্রচার চ্যানেল।
সম্প্রচার স্বত্ব কারা পাচ্ছে, জানা যাবে আজ। এক সিরিজের জন্যই বিসিবি কার্যালয়ে আজ বিড অনুষ্ঠিত হবে। গতকাল বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘কাল (আজ) ব্রডকাস্টের বিষয়টা চূড়ান্ত হবে।’
এদিকে সিরিজ সম্প্রচারের জন্য ক্রুরা ইতিমধ্যে ঢাকায় চলে এসেছেন। ভারত থেকে ক্রু আনা কঠিন হয়ে পড়েছে করোনাকালের কোয়ারেন্টাইনের নিয়মের কারণে। সরকারের নির্দেশনা অনুযায়ী, ভারত-দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা ব্যক্তিদের ১৪ দিন কোয়ারেন্টাইন বাধ্যতামূলক।
তাই পাকিস্তান-জিম্বাবুয়ে সিরিজ সম্প্রচারে কাজ করা ক্রুদের হারারে থেকে দুবাই হয়ে উড়িয়ে আনা হয়েছে ঢাকায়। জানা গেছে, গত শনিবার ঢাকায় পৌঁছে গেছেন ক্রুরা। এদের মধ্যে ভারতীয়, দক্ষিণ আফ্রিকান ও জিম্বাবুয়ের ক্রু রয়েছে। কয়েক দিন কোয়ারেন্টাইনের পর সিরিজ সম্প্রচারের কাজে নেমে পড়বেন তারা।
