ঈদের পরে ব্যাংকিং

গ্রাহক উপস্থিতি কম শুভেচ্ছা বিনিময়ে প্রথম কর্মদিবস

আপডেট : ১৭ মে ২০২১, ০০:৩৮

ইত্তেফাক রিপোর্ট

ঈদুল ফিতরের তিন দিনের ছুটি শেষে গতকাল রবিবার অন্য অফিসের মতো ব্যাংকও খুলেছে। প্রথম কার্যদিবসে স্বাভাবিকভাবেই ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকের উপস্থিতি ছিল না বললেই চলে। ফলে অনেকটা ফাঁকাই দেখা যায় ব্যাংকের কাউন্টারগুলো। এতে ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময় ও গল্প করেই সময় কাটাতে হয়েছে। অবশ্য ঈদের পরে প্রথম কর্মদিবসে কোলাকুলি সে চিরচেনা দৃশ্য দেখা যায়নি। করোনা ভাইরাসের প্রকোপের কারণে স্বাস্থ্যবিধি মানতে গিয়ে দূরত্ব বজায় রেখে শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয়েছে তাদের। গত শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে আগে থেকেই সরকারের নির্দেশনা ছিল ঈদের ছুটিতে বাধ্যতামূলকভাবে কর্মস্থলে থাকতে হবে। একইসঙ্গে ঈদের ছুটি একদিন কমিয়েও দেওয়া হয়েছে। গত বুধবার ২৯ রজমানও অফিস খোলা ছিল। গত বৃহস্পতিবার  থেকে ঈদের ছুটি শুরু হয়, তা শেষ হয় শনিবার। গতকাল রবিবার সকাল থেকেই ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতি তেমন ছিল না বললেই চলে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগেই গ্রাহকরা লেনদেন সম্পন্ন করেছেন। অতি জরুরি প্রয়োজনে এখন কিছু গ্রাহক ব্যাংকমুখী হচ্ছেন। তা ছাড়া অনেক গ্রাহক ইতোমধ্যে ঢাকা ছেড়েছেন, তাই গতকাল গ্রাহক ছিল একেবারেই হাতেগোনা। দুই-এক দিনের মধ্যেই স্বাভাবিক হওয়ার আশা তাদের। এ বিষয়ে ব্যাংক কর্মকর্তারা বলছেন, সাধারণত ঈদের পরদিন ব্যাংকে তেমন গ্রাহক থাকে না। তবে গ্রাহক না থাকলেও কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে চলে আসেন।