মহেশপুর সীমান্তে অনুপ্রবেশকারী তিন জনের করোনা শনাক্ত

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৩৬

অনুপ্রবেশকালে আরো এক জন আটক

ভ্রাম্যমাণ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে অনুপ্রবেশকারী ২৭ জনের মধ্যে তিন জনের করোনা শনাক্ত হওয়ার পর সদর হাসপাতালে ভর্তি করে চিকিত্সা চলছে। তাদের করোনা ভারতীয় ধরন কি না জানা যায়নি। গত ১৩ মে তাদের করোনা শনাক্ত হয়। এদিকে রবিবার সকালে অনুপ্রবেশকারী আরো এক জনকে আটক করেছে বিজিবি। ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট এলে জানা যাবে তারা করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত কি না। বিজিবির ঝিনাইদহের খালিশপুরের ৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, গত ১০ এপ্রিল ভোরে উপজেলার মাটিলা ও সামন্তা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে ২৭ জন বাংলাদেশে অনুপ্রবেশ করে। বিজিবি তাদের আটক করে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করে। তারা বাংলাদেশি বলে দাবি করেন। পুলিশ আটকদের আদালতে সোপর্দ করে। পরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাদের জামিন মঞ্জুর করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার আদেশ দেন। এরপর জেলা প্রশাসন শহরের আজাদ রেস্টহাউজে তাদের কোয়ারেন্টাইনে রাখে। নমুনা পরীক্ষার পর তাদের মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়। এদিকে রবিবার সকালে মহেশপুরের মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে রাকিব হাসান নামের এক জনকে আটক করেছে বিজিবি। তাকে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। তার বাড়ি মাদারীপুর জেলায় বলে দাবি করেছে। সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপার ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।