চলনবিলের বিভিন্ন গ্রামে চলছে ধানকাটা উত্সব

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৩৭

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চাটমোহরসহ চলনবিল অঞ্চলের গ্রামে গ্রামে চলছে ধান কাটা উত্সব। রাত-দিন চলছে ধান কাটা, মাড়াই, শুকানো ও গোলায় তোলার কর্মযজ্ঞ। দম ফেলার সময় নেই কিষান-কিষানি ও কৃষি শ্রমিকের। চাটমোহর উপজেলার হান্ডিয়ালের কৃষক জাকির হোসেন বললেন, আবহাওয়া অনুকূলে থাকায় ধান কাটা ও মাড়াইয়ে তেমন সমস্যা হচ্ছে না। যে কোনো সময় ঝড়-বৃষ্টি হতে পারে। আগাম বন্যাও হানা দিতে পারে। গত বছর আগাম বন্যায় চাষিরা ক্ষতিগ্রস্ত হয়। পার্শ্বডাঙ্গার কৃষক শামীম হোসেন জানান, সবাই এখন বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত। নাওয়া-খাওয়া ভুলে ধান তুলছে ঘরে। এলাকার ডিকশি বিলসহ অন্যান্য জমির ধান কাটা অর্ধেক হয়েছে। এক সপ্তাহের মধ্যে ধান কাটা শেষ হতে পারে। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এ এ মাসুম বিল্লাহ জানান, চলতি মৌসুমে উপজেলায় ৯ হাজার ৫০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এরমধ্যে ১ হাজার ২০০ হেক্টর জমিতে হাইব্রিড ধানের আবাদ করা হয়। ধানের ফলনও ভালো। আবহাওয়া অনুকূলে থাকলে কৃষক নির্বিঘ্নে ধান কেটে ঘরে তুলতে পারবেন।