চরভদ্রাসনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৩৭

চরভদ্রাসন (ফরিদপুর) সংবাদদাতা

চরভদ্রাসন উপজেলার পার্শ্ববর্তী সদরপুরের আকটেরচর ইউনিয়ন নতুন ট্রলারঘাটসংলগ্ন এলাকায় রবিবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তাওহীদ ব্যাপারী (৭)। সে চরভদ্রাসনের সদর ইউনিয়নের বালিয়াডাঙ্গী গ্রামের বাসিন্দা শাহ আলম ব্যাপারীর ছেলে। নিহতের ফুফাতো ভাই মো. জুনায়েদ জানান, ঈদের পরদিন মায়ের সঙ্গে শিশুটি তার ফুফা তারা মিঞা মোল্লার বাড়িতে বেড়াতে যায়। রবিবার তাওহীদ তার অন্য ভাইদের সঙ্গে খালে গোসল করতে যায়। একপর্যায়ে সে খালের গভীরে চলে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিত্সক ডা. ননী গোপাল হালদার পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।