চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষনিধন

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৫১

সবুজ পাহাড়, বৃক্ষরাজি আর জীববৈচিত্র্যে ভরপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ক্যাম্পাসের এই নান্দনিক সৌন্দর্য দিন দিন ধ্বংস হয়ে হচ্ছে গাছখেকোদের কারণে। জানা যায়, গত চার বছরে ক্যাম্পাসের আশেপাশের এলাকা থেকে অন্তত সাত হাজার গাছ কাটা হয়েছে। এমনকি গাছ পরিবহনের জন্য পাহাড় কেটে তৈরি করা হয় পাঁচ কিলোমিটার রাস্তা। বর্তমানে ফাঁকা ক্যাম্পাসে সৌন্দর্যবর্ধন, অবকাঠামোগত উন্নয়ন ও নিরাপত্তা ঝুঁকিসহ নানা অজুহাতে কাটা হচ্ছে গাছ। সম্প্রতি বঙ্গবন্ধু উদ্যান, চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ব্যবসা প্রশাসন অনুষদ থেকে ৯টি গাছ কাটা হয়েছে। গাছ কাটার ফলে কেবল সৌন্দর্যহানিই হচ্ছে না, বরং ক্যাম্পাসের পরিবেশও হুমকির মুখে পড়ছে। পৃথিবী যখন সামান্য অক্সিজেনের জন্য হাহাকর করছে, তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন কর্মকাণ্ড সত্যি অবাক করার মতো। নির্বিচারে গাছ কাটার ফলে বন্যপ্রাণীরা হারাচ্ছে তাদের আবাসস্থল। এমনকি অনেক বন্যপ্রাণী তাদের আবাসস্থল হারিয়ে সমতলে ফিরে এসেছে। বর্তমানে মায়া হরিণ, বানর, বনমোরগ, হনুমান প্রভৃতির সংখ্যাও কমছে। শিক্ষার্থীরা বারবার বৃক্ষনিধনের প্রতিবাদ করলেও তাতে কর্ণপাত করা হচ্ছে না। ক্যাম্পাসের প্রাণ-প্রকৃতি ধ্বংসের এই মহাযজ্ঞ বন্ধ করতে হবে।

মো. আশরাফুল ইসলাম

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়