ইসরাইল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে? —তথ্যমন্ত্রীর টুইট

আপডেট : ১৬ মে ২০২১, ২১:৫২

বিশেষ প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরের দিনসহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সামরিক বাহিনীর অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়ে টুইটারে ‘ইসরায়েল কি সকল আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে?’ প্রশ্ন রেখেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। শনিবার রাতে ড. হাছান তার টুইটে বলেন, ‘রমজান মাসে এমনকি পবিত্র ঈদুল ফিতরের দিনে এবং এর পরেও ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের নৃশংসতা অতীতের সব বর্বরতাকে ছাড়িয়ে গেছে। এর পরও বড় দেশগুলোর কর্ণধার বিশ্বনেতাদের নীরবতা মর্মপীড়াদায়ক।’ এর আগে ঈদুল ফিতরের দিনেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত শেষে তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরাইলি হামলার নিন্দা জানান এবং ফিলিস্তিনে শান্তির জন্য মহান স ষ্টার কাছে প্রার্থনার কথা উল্লেখ করেন।

এদিকে শনিবার মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায়ই বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে ঈদ উদ্যাপন করেছেন, কিন্তু ঈদের দিনও বিষোদগারের রাজনীতি পরিহারে ব্যর্থ হয়েছে বিএনপি।

গত ১৩ মে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে ওলামা এবং গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সংগঠনকে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখেন তথ্যমন্ত্রী। গত ১২ মে রাজধানীর সার্কিট হাউজ রোডে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) মিলনায়তনে সাংবাদিকদের মাঝে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের করোনাকালীন সহায়তা চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা রাখেন তথ্যমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব খাজা মিয়া (অনলাইনে) এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু। অনুষ্ঠানে ২২১ জনের মাঝে চেক বিতরণ করা হয়।