রাজশাহীতে গুটি আম নামানো শুরু

আপডেট : ১৬ মে ২০২১, ২৩:০৫

রাজশাহীতে প্রশাসনের বেঁধে দেওয়া সময় অনুযায়ী সব ধরনের গুটি জাতের আম নামানো শুরু করেছেন চাষিরা। আগামী সপ্তাহে বেঁধে দেওয়া সময় অনুযায়ী দ্বিতীয় দফায় নামবে সুস্বাদু গোপালভোগ আম। তবে ঈদের ছুটি কাটিয়ে আমের বাজার জমতে আরো এক সপ্তাহ লাগতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, কম বৃষ্টি ও খরার কারণে অল্প কিছু গুটি জাতের আম আগেই পেকেছে। তবে ঈদের ছুটি ও কঠোর বিধিনিষেধের কারণে পাইকারি ব্যবসায়ীরা এখনো রাজশাহী থেকে আম সংগ্রহ শুরু করেননি। উত্তরাঞ্চলের দ্বিতীয় বৃহত্তম আমের মোকাম রাজশাহীর বানেশ্বর বাজারের ফল ব্যবসায়ী আসাদুল ইসলাম জানান, ‘লিচুর বাজার সবে শুরু হয়েছে, এখনই আম কীসের?

গত ৬ মে জেলায় এক ভার্চুয়াল সভায় ১৫ মে থেকে গুটি আম পাড়ার সময় নির্ধারণ করা হয়। ২৯ মে গোপালভোগ, ২৫ মে লক্ষণভোগ বা লখনা ও রানিপছন্দ জাতের আম এবং ২৮ মে হিমসাগর বা ক্ষীরসাপাত বাজারজাত করার নির্দেশনা দেওয়া হয়। ৬ জুন থেকে ল্যাংড়া, ১৫ জুন থেকে ফজলি ও আম্রপালি এবং ১০ জুলাই থেকে আশ্বিনা ও বারি আম-৪ নামানো যাবে। তবে নির্ধারিত সময়ের আগে আম পাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানিয়ে আম নামানোর সিদ্ধান্ত হয়েছে ঐ সভা থেকে। রাজশাহী ফল গবেষণাকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আলিম উদ্দিন বলেন, ‘গুটি আম নামাতে শুরু করেছে। তবে আঁশযুক্ত এই আমের স্বাদ তুলনামূলক কম।’ জেলা প্রশাসক মো. আব্দুল জলিল বলেন, গত কয়েক বছর ধরে কোনো রাসায়নিক দ্রব্য মিশিয়ে রাজশাহীতে আম পাকানো হয়নি। এবারও আম পরিপক্ব হওয়ার পরেই নামানো হচ্ছে।