শিবচরে হামলা সংঘর্ষ ভাঙচুর, গুলিবিদ্ধ ৭

আপডেট : ১৬ মে ২০২১, ২৩:১১

শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা, ভাঙচুর ও সংঘর্ষে সাত জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এক চেয়ারম্যান প্রার্থীসহ চার জনকে আটক করেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। শনিবার রাত ৮টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর ও সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন বেপারীর মধ্যে আগে থেকেই        বিরোধ চলছিল। করোনা সংক্রমণের কারণে স্থগিত হওয়া ইউপি নির্বাচনে দুজনেই আবার চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। শনিবার সন্ধ্যায় ঐ ইউনিয়নের আকনকান্দি গ্রামের একটি রাস্তায় আতিক মাদবরের সমর্থক মিরাজ আকন ও মনোয়ার বেপারীর সমর্থক তুষার বেপারীর মধ্যে নির্বাচন নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এক পর্যায় তুষার বেপারী মিরাজ আকনকে লাঠি দিয়ে পিটিয়ে  গুরুতর আহত করেন। এ খবর ছড়িয়ে পড়লে মনোয়ার বেপারীর সমর্থক সাবেক ইউপি সদস্য আ. সালাম মাদবরকে (৬৫) তার দোকানে ঢুকে আতিক মাদবরের সমর্থকরা মারধর করে। এরই জের ধরে রাত ৮ টার দিকে সাহেব বাজারে আতিক মাদবরের সমর্থক দুলাল বেপারীর একটি মার্কেটে ভাঙচুর চালায়। এ সময় পাশের একটি বাড়ির ছাদ থেকে গুলি ছোড়া হয়। এতে মাহবুবুর রহমান (৩৮), এসকান বেপারী (৪০) ,কাউসার বেপারী (৩৭), আ. রাজ্জাক মাদবর (৬৫), ওবায়দুল বেপারীসহ সাত জন গুলিবিদ্ধ হন। এছাড়া সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।