সড়ক দুর্ঘটনায় পাঁচ দিনে ২৭ জন নিহত

আপডেট : ১৬ মে ২০২১, ২৩:১১

গত পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় অন্তত ২৭ জন নিহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে প্রাইভেটকার খাদে পড়ে মা ও ছেলে নিহত হয়েছে। আহত হয়েছে ছয় জন।  শনিবার বেলা ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়ায় সংঘটিত এই দুর্ঘটনায় নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামের মৃত তারা আলী মোল্লার স্ত্রী মরিয়ম বেগম (৬০) ও ছেলে মহিদুল মোল্লা (৩৫)। নিহত মহিদুলের খালা আহত আয়েশা বেগম ও ফিরোজা বেগমকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ধানসুরা মোড়ে শনিবার সকাল ৮টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে একটি ভটভটির যাত্রী তিন ধানকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ভটভটির আরো ছয় আরোহী এবং ধানসুরা মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বপ্রাপ্ত এক কর্মী। আহত পাঁচ জনের অবস্থা গুরুতর।

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, শনিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাতিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছে।

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে পৃথক  সড়ক দুর্ঘটনায়  দুজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার বড় বিনাইরচরে অটোরিকশার ধাক্কায় মারা যান ঐ গ্রামেরই বাসিন্দা মহিউদ্দিন (৫০) এবং  রবিবার সকালে জালাকান্দী এলাকায় নছিমন উলটে মারা যান দুপ্তারা ইউনিয়নের বাজবী গ্রামের মো. নাঈম (১৫)।

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা জানান, ঈদে বাড়ি ফেরার পথে বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে দুই যুবক নিহত ও মাহিন্দ্রার চালকসহ দুজন আহত হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আশোকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার গজালিয়া এলাকার মো. রাকিবুল হাসান রাহাত (৩৪) ও ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আল-আমিন (৩২)।

সিলেট অফিস ও দক্ষিণ সুরমা সংবাদদাতা জানান, সিলেট-ঢাকা সড়কে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে প্রাইভেটকার ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।

মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা-কামারখালী সড়কে মাগুরা পৌরসভার পারনান্দুয়ারী ৩ নম্বর ব্রিজ এলাকায় বৃহস্পতিবার বিকালে দুই মোটরসাইকেলের সংঘর্ষে উভয় যানের চালকই নিহত হয়েছে। তারা হলেন, মাগুরার পানান্দুয়ারী গ্রামের ওহিদুর রহমানের ছেলে বাঁধন বিশ্বাস (২৬) এবং যশোর জেলার চৌগাছী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আব্দুস সালামের ছেলে নিশান (২৫)।

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় ট্রাকচাপায় পথচারী এক যুবক এবং বুধবার রাতে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার তবারিয়া এলাকায় গাড়িচাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন।

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, রবিবার সকালে টাঙ্গাইলের সখীপুরের কুতুবপুর এলাকায় ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় গলার ওড়না পেঁচিয়ে তাসলিমা (১৭) নামে এক কিশোরী এবং একই দিন দুপুরে বেলতলী এলাকায় অটোরিকশার ধাক্কায় বাবুল মিয়া (৭০) নামে এক বৃদ্ধ মারা যান।

ঈদে বাড়ি যাওয়া হলো না শিক্ষিকার

সাভার থেকে ইত্তেফাক রিপোর্টার তুহিন খান জানান, ঈদ উপলক্ষ্যে গ্রামের বাড়ি যাওয়ার পথে সাভারের আমিনবাজার এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন ঐ শিক্ষিকার ছোট ভাই মোটরসাইকেল চালক ডা. নিশাত আলমগীর। নিহত শিক্ষিকা মিরা আফরিন (৩৫) কুষ্টিয়ার খুকশা থানার মালিশিয়া গ্রামের ইজ্জত আলীর মেয়ে।

বরিশাল অফিস জানায়, রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোর ধাক্কায় মুবিন কাজী নামে ছয় বছরের এক শিশু নিহত হয়েছে। এসময় অটোর চালক ও তিন যাত্রীও আহত হন। গুরুতর আহত চালক মনিরকে বরিশাল মেডিক্যালে ভর্তি করা হয়েছে। নিহত মুবিন নগরীর জিয়া সড়ক এলাকার জুয়েল কাজীর ছেলে।

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা জানান, সাতক্ষীরার তালায় মোটরসাইকেলের ধাক্কায় প্রান্ত দাশ (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। নিহত প্রান্ত দাশ উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া গ্রামের রঞ্জন দাশের ছেলে। ঈদের দিন শুক্রবার দুপুরে তালা-শালিখা সড়কের বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি জানান, ভোলার লালমোহন উপজেলার গজারিয়া এলাকায় শনিবার দুপুরে এক মোটরসাইকেল দুর্ঘটনায়  মো. মাসুদ (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। জানা গেছে, দুই বন্ধুকে নিয়ে মাসুদ মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার কবলে পড়েন।

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, বুধবার চিলমারী উপজেলার মজাইডাঙ্গা এলাকায় রাস্তায় সাথীদের সঙ্গে খেলা করার সময় অটোরিকশার ধাক্কায় মাহিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

কালিয়া (নড়াইল) সংবাদদাতা জানান, নিষিদ্ধ যান নছিমন উলটে কালিয়ায় মো. ওবায়দুল ভূঁইয়া (১৫) নামে এক কিশোর নিহত এবং তিন জন আহত হয়েছে।

খুলনা অফিস জানায়, খুলনায় প্রাইভেট কার ও ইজিবাইকের সংঘর্ষে ইজিবাইক চালক আবু তাহের (৫০) নিহত ও চার জন আহত হয়েছেন। রবিবার সকাল সাড়ে ১০টার দিকে খুলনা-যশোর মহাসড়কে ফুলতলা উপজেলার রাঢ়িপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাতকানিয়া প্রতিনিধি জানান, সাতকানিয়ায় ট্রাকের চাকার পিষ্ট হয়ে এক নির্মাণশ্রমিক  নিহত হয়েছেন। নিহত ফরিদুল আলম (৩৫) উপজেলার কেওচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশেকের পাড়ার আবদুল খালেকের  ছেলে।

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা জানান, রবিবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজিম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী গুরুতর আহত হয়েছেন।