বরিশালে পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার ঘটনায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ৩০ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। এদিকে হামলায় আহত রুহুল কুদ্দুস রাহাতকে গুরুতর অবস্থায় ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুই জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো :মামলার ৫ নম্বর আসামি খালিদ হোসেন রবিন এবং অপর জন মেহেদী হাসান।
বিএমপির বন্দর থানাপুলিশ জানায়, শনিবার রাতে হামলায় আহত রাহাতের পিতা গোলাম কবির বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশিকুর রহমান সুজনকে প্রধানসহ পাঁচ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ২৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা চেষ্টার অভিযোগ করা হয়েছে।
