মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে অতি সম্প্র্রতি চলমান কোভিড-১৯ অতিমারিতে সংক্রমণের ঊর্ধ্বগতি পরিলক্ষিত হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে পরামর্শক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
এই সময়ে অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
গতকাল রবিবার শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক এক বিজ্ঞপ্তিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের চলমান ছুটি আগামী ২৯ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। ১৭ মে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ২৪ মে থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
এছাড়া পৃথক এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ছুটির মেয়াদ বাড়ানোর তথ্য জানানো হয়।
গত বছরের ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ দেখা দেওয়ার পর ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি ছয় দফায় বৃদ্ধি করা হলো।
