টিপু আলম মিলনের গল্প এবং আহসান আলমগীরের চিত্রনাট্যে আল হাজেনের পরিচালনায় বৈশাখী টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘শিয়াল বাড়ি-২। এটি প্রচার হবে আজ রাত ১০টা ৩০ মিনিটে। গত ঈদে শিয়াল বাড়ি নাটকটি টিআরপি এবং ইউটিউবে ঈর্ষণীয় অবস্থানে থাকায় এবার নির্মিত হলো এ নাটকের সিক্যুয়েল। নাটকটিতে আসমান চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত এবং শাবানা চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। আরো অভিনয় করেছেন আমিরুল হক চৌধুরী, আরফান আহমেদ, মৌমিতা মৌ, মিলন ভট্ট, সেলি আহসানসহ অনেকে।
নাটকে দেখা যাবে গ্রামের যুবক আসমান এবং তার বন্ধু-বান্ধবরা মিলে মিতালী উচ্চ বিদ্যালয়ের ৫০ বছরপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। ঠিক এই সময়ে পৈতৃক ভিটা দেখতে তাদের গ্রামে আসেন জনপ্রিয় চিত্রনায়িকা প্রেমা। গ্রামের মানুষের অনুরোধে স্কুলের ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানে যে নাটক হচ্ছে তাতে নায়িকা হিসেবে অভিনয় করতে রাজি হয় প্রেমা। কিন্তু সে পথে বাঁধা হয়ে দাঁড়ায় শিয়াল বাড়ির কন্যা জাদু মন্ডলের (বড় শিয়াল) মেয়ে এবং মধু মন্ডলের (ছোট শিয়াল) বোন শাবানা।
