ময়মনসিংহ শহরে মশার উপদ্রব বহুগুণে বেড়ে যাওয়ায় নগরবাসী অতিষ্ঠ। শিশুরা রয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে। মশা এতই বেড়েছে যে বাইরে কোথাও নির্বিঘ্নে দাঁড়িয়ে বা বসে থাকা যায় না। নগরবাসীর দুর্ভোগ কমাতে শহরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো দরকার। ম্যানহোল, ময়লা পানির ড্রেন, পচা ডোবা, নালা নর্দমা, ময়লার স্তূপ ইত্যাদিতে মশা বংশ বিস্তার করে বেশি। ফগার মেশিন ও ওষুধ ব্যবহারের মাধ্যমে বংশ বিস্তারের জায়গা নষ্ট করে দিতে হবে। পাশাপাশি নগরবাসীকে নিজ উদ্যোগে বাসাবাড়ি ও আশেপাশের জায়গা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি। নগরবাসীর দুর্ভোগ লাঘবে ময়মনসিংহ সিটি করপোরেশনের দৃষ্টি আকর্ষণ করছি।
ইফতে খারুল ইসলাম
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ
