মানুষকে বলা হয় আশরাফুল মাখলুকাত অর্থাত্ সৃষ্টির সেরা জীব। মানুষ তার চিন্তাশক্তি দিয়ে সৃজনশীল সৃষ্টিকর্ম করতে পারে। পৃথিবীতে ঝগড়া, ভেদাভেদ দূরে সরিয়ে সবার জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা অপরিহার্য। পৃথিবী হয়ে উঠবে সুস্থ, সুন্দর যেখানে মানুষে মানুষে হিংসা, দ্বন্দ্ব, অহংকার, ভেদাভেদ থাকবে না। প্রায় সময়ই মানুষের আচরণ বন্য হয়ে ওঠে। বর্তমানে মানুষের মধ্যে দ্বন্দ্ব-রেষারেষি একটু বেশিই লক্ষ করা যাচ্ছে। কিশোরগঞ্জের ভৈরব, কুলিয়ারচরে পূর্ব শত্রুতার জের ধরে সহিংসতায় তিনজনের প্রাণহানি ঘটে—যা একেবারেই অপ্রত্যাশিত। প্রাণহানিকে কেন্দ্র করে নিহতদের লোকজন প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট চালিয়েছে। এমনকি নিরাপত্তাহীনতায় কেউ বাড়িতে বসবাস করতে পারছে না। বোরো ধানের মৌসুম হওয়ায় সংশ্লিষ্ট এলাকার মানুষ পাকা ধান ঘরে তোলার জন্য ব্যস্ত থাকত। ঐ সহিংসতায় অভিযুক্তদের বিচার আইন অনুযায়ী চলবে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি হোক সেটাই প্রত্যাশা। কিন্তু বাড়িঘরে অন্যায়ভাবে ভাঙচুর, লুটপাট করা সভ্যতার পরিচয় বহন করে কি?
ফজলে রাব্বি
কুলিয়ারচর, কিশোরগঞ্জ
