ইত্তেফাক রিপোর্ট
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য রাশেদ খান মেননের জন্মদিন আজ। ষাটের দশকের তুখোড় ছাত্রনেতা, ১৯৬৩-৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ’৬৪-৬৭ সালে সাবেক পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মেনন ৭৭ পেরিয়ে ৭৮ বছরে পদার্পণ করলেন।
রাশেদ খান মেনন ’৬২ সালে নিরাপত্তা আইনে প্রথম কারাবন্দি হওয়ার পর ’৬৯ সাল পর্যন্ত বিভিন্ন সময় ও বিভিন্ন মেয়াদে নিরাপত্তা আইন, দেশরক্ষা আইন ও বিভিন্ন মামলায় কারাবরণ করেন। ’৬৭-৬৯ সালে জেলে থাকাকালীন অবস্থায় তিনি বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় একটি পর্যায় পর্যন্ত জেলের বাইরে তার যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেন।
’৭৯ সালে বরিশালের বাবুগঞ্জ ও গৌরনদী থেকে এবং ১৯৯১ সালে বাবুগঞ্জ উজিরপুর থেকে তিনি এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি ১৪ দলের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসন থেকে এমপি নির্বাচিত হন। ২০১৪ এবং ২০১৮ সালেও তিনি ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত হন। ১৯৪৩ সালের ১৮ মে পিতার কর্মস্থল ফরিদপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে। পিতা বিচারপতি আব্দুল জব্বার খান।
