টঙ্গীতে ছয় দোকানে ডাকাতি

আপডেট : ১৭ মে ২০২১, ২১:৪৪

 

পিটুনিতে দুই নৈশপ্রহরী আহত

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

টঙ্গীতে ছয় দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় দুই নিরাপত্তা প্রহরী আহত হয়েছেন। সোমবার মধ্য রাতে টঙ্গী স্টেশন রোড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে। আহতরা হলেন মো. নয়ন ও জাফর আহমেদ। 

গুরুতর আহত নয়নকে উন্নত চিকিত্সার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানান, রাত আড়াইটার দিকে একদল ডাকাত একটি পিকআপ ভ্যানে করে এসে হাজি বারেক মার্কেটের সামনে দাঁড়ালে নিরাপত্তা প্রহরী নয়ন তাদের সঙ্গে কথা বলতে যান। এ সময় দুর্বৃত্তরা নয়নকে লোহার রড দিয়ে বেধড়ক পিঠিয়ে আহত করে। পরে পর্যায়ক্রমে ছয়টি দোকানের তালা কেটে মালামাল এবং সবগুলো দোকানের ভল্ট ও ক্যাশ বাক্স ভেঙে টাকাপয়সা নিয়ে পালিয়ে যায়। এ সময় ফিউচার স্টিল নামে অপর একটি মার্কেটের নিরাপত্তা প্রহরী জাফর বাধা দিতে গেলে তাকেও বেধড়ক পিটিয়ে আহত করা হয়।

উত্তরা টায়ার অ্যান্ড ব্যাটারি শপের মালিক মো. আলমগীর হোসেন জানান, দুর্বৃত্তরা তার  দোকানের সব ব্যাটারি ও নতুন টায়ার নিয়ে গেছে। এতে তার ব্যাপক ক্ষতি হয়েছে। এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানা ওসি মো. জাবেদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশের একাধিক টিম বিষয়টি নিয়ে কাজ করছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।