আগৈলঝাড়ায় সংঘর্ষে আহত ১৫

আপডেট : ১৭ মে ২০২১, ২২:০০

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা

আগৈলঝাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহত সাত জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সোমবার সকালে থানায় লিখিত অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, উপজেলার রাংতা ও চেঙ্গুটিয়া গ্রামের সীমান্তবর্তী বইয়ারভাঙ্গা এলাকার ব্রিজে বসাকে কেন্দ্র করে দুই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে রবিবার বিকালে বাগিবতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে এদিন সন্ধ্যায় সংঘর্ষের ঘটনা ঘটে। হামলার ঘটনায় রাংতা গ্রামের হালিম মোল্লা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি মো. গোলাম ছরোয়ার বলেন, ‘লিখিত অভিযোগ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’