পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলনে জরিমানা

আপডেট : ১৭ মে ২০২১, ২২:০০

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রাম উপজেলায় অবৈধভাবে পাথর-বালু উত্তোলনের দায়ে মোজাম্মেল হক নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর এলাকার ফসলি জমির কাছ থেকে ড্রেজার মেশিন (বোমা মেশিন) দিয়ে অবৈধভাবে ভূগর্ভস্থ পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। এ খবর পেয়ে রবিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা অভিযান চালায়। এ সময় পাথর ও বালু উত্তোলন করায় ইসলামপুর এলাকার মোজাম্মেল হককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে পাটগ্রাম থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) মাহফুজ ও আব্দুস সালামসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিল। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাটগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবেল রানা বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে সরকারি সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, ফসলি জমি, বসতবাড়ি, সড়ক ধসে যায়।