১০ দোকান ভস্মীভূত

আপডেট : ১৭ মে ২০২১, ২২:০১

কসবা (ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা

কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়ে গেছে। রবিবার রাতে উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের কসবা ইউনিটের একটি দল প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে কসবা ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বে থাকা লিডার সাইদুল ইসলাম জানান, প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে একটি তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান, মাছের খাবারের দোকান, সিমরান ফার্নিচার গ্যালারিসহ ১০টি দোকান পুড়ে যায়।

ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসু্দ উল আলম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডের বিষয়টি সঠিকভাবে নিরূপণ করার জন্য তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।