ভ্রাম্যমাণ প্রতিনিধি ও মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুর উপজেলার লড়াইঘাটা, বাঘাডাঙ্গা ও খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে সীমান্ত পারাপারকালে এক দালালসহ আরো ৯ জনকে আটক করেছে বিজিবি। সোমবার সকাল ও রবিবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা নিজেদের বাংলাদেশি বলে দাবি করেছে।
বিজিবির ঝিনাইদহের খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল কামরুল আহসান জানান, রবিবার বিকালে লড়াইঘাটা বিওপির একটি টহল দল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে দুই জনকে আটক করে। একই দিন বিকালে বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে এক মানুষ পারাপারকারী দালালসহ দুই জনকে আটক করা হয়। সোমবার সকালে খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন শিশুসহ পাঁচ জনকে আটক করে বিজিবি। বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দিয়ে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, ১০ মে মাটিলা ও সামন্তা দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে ২৭ জনকে আটক করে বিজিবি। তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পরীক্ষার পর তাদের মধ্যে তিন জনের করোনা শনাক্ত হয়েছে।
