করোনা প্রতিরোধে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন
ইত্তেফাক ডেস্ক করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে সোমবার বিভিন্ন স্থানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর :
ডোমার (নীলফামারী) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে করোনা প্রতিরোধে বিভিন্ন লেখা ব্যানারসংবলিত একটি পিকআপ ভ্যানে ভ্রাম্যমাণ প্রচারণার উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রায়হান বারী। এ সময় মেডিক্যাল কর্মকর্তা ডা. আবুল আলা, ডোমার প্রেসক্লাব সভাপতি মোজাফ্ফর আলী, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ বেলাল উদ্দিন, স্যানিটারি ইন্সপেক্টর আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
জলঢাকা (নীলফামারী) :জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে ক্যাম্পেইন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানুল কবির। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসান, পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন রুবেল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহবুবর রহমান মনি বক্তব্য রাখেন।
কাহারোল (দিনাজপুর) :দুপুরে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ১০টি স্থানে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধানের জন্য উদ্বুদ্ধ করনের ক্যাম্পিং অনুষ্ঠিত হয়। ক্যাম্পিং অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ শফিউল আজম। উপস্থিত ছিলেন কাহারোল হাসপাতালের আরএমও ডা. জুগল কিশোর রায়, মো. সোহরাব হোসেন প্রমুখ।
পাটগ্রাম (লালমনিরহাট) :স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে প্রচারণা কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. সামিরা হোসেন চৌধুরী, ডা. আফসানা আফরোজ, করোনা ফোকাল পারসন ডা. কে, এম তানজির আলম, ডা. কালি প্রসাদ সরকার, ডা. আখেরুজ্জামান, ডা. বদরুল মিল্লাত, ডা. রাহমাত উন ফেরদৌস প্রমুখ।
বোদা (পঞ্চগড়) :সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে জনসচেতনতা ও উদ্বুদ্ধকরণ র্যালি এবং প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। প্রচারণায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর করিম রাজু, বোদা পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা প্রমুখ অংশ নেন।
তারাগঞ্জ (রংপুর) :তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন মেডিক্যাল মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. শামসুন্নাহার, মেডিক্যাল কর্মকর্তা ডা. অনির্বাণ মল্লিক, স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালাম, স্যানিটারি ইন্সপেক্টর মমিনুর ইসলাম পায়েল, সিনিয়র স্টাফ নার্স মাইদুল ইসলাম প্রমুখ।
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পেলেন প্রণোদনা
বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা উপজেলার ধুকুরিয়াবেড়া ও দৌলতপুর ইউনিয়নে শিলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫২৮ জন কৃষক প্রায় ৬৩ লাখ টাকা সরকারি প্রণোদনা পেয়েছেন। কৃষক খাইরুল ইসলাম জানান, ‘এমপি সাহেব আমাগোরে কইছিল ট্যাহা দিবো। হেই টেহ্যা ঈদের আগেই মোবাইলে পাইছি, আমরা পোলাপান নিয়ে ভালোভাবে ঈদ করছি।’ এ বিষয়ে বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল জানান, ক্ষতিগ্রস্ত ২ হাজার ৫২৮ জন কৃষককে জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা প্রদান করা হয়েছে। বেলকুচির ইতিহাসে এটাই প্রথম। সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল জানান, কৃষি বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে এরকম উদ্যোগ ভবিষ্যতে বেলকুচির কৃষিকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।
‘জ্ঞানের আলো পাঠাগার’ এর উদ্যোগে চিকিত্সা পেল শিক্ষার্থী
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা উপজেলায় জ্ঞানের আলো পাঠাগার সংগঠনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্রেন টিউমারে আক্রান্ত এসএসসি পরীক্ষার্থী শেখ শাওন মুন্নার চিকিত্সার জন্য অর্থ সংগ্রহ করে। সংগৃহীত অর্থ দিয়ে মুন্নার চিকিত্সা সম্পন্ন করে। চিকিত্সা খরচ শেষে অবশিষ্ট ১ লাখ ৪৪ হাজার ৬৯৪ টাকা মুন্নার পরিবারের কাছে হস্তান্তর করে। সোমবার দুপুরে মুন্নার পরিবারের হাতে এ অর্থ তুলে দেয় জ্ঞানের আলো পাঠাগার। এ সময় কোটালীপাড়া থানার ওসি মো. আমিনুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মাজহারুল আলম পান্না, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
মধুখালীতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত
মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা মধুখালীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন সকাল ৯টায় বঙ্গবন্ধু মুর্যাল চত্বরে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে ম্যুরাল চত্বরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম মিয়ার সভাপতিত্বে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু।
