ইত্তেফাক রিপোর্ট
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি এফবিসিসিআইয়ের নতুন পর্ষদ দায়িত্ব গ্রহণ করবে আগামীকাল বুধবার। ব্যবসায়ীদের শীর্ষ এ সংগঠনের নতুন সভাপতি জসিম উদ্দিনের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম। এফবিসিসিআইয়ের সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে এফবিসিসিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহফুজুল হক সংগঠনটির ২০২১-২৩ মেয়াদের জন্য নির্বাচিত পর্ষদের চূড়ান্ত ফলাফল জানান।
এফবিসিসিআইয়ের নতুন সভাপতি জসিম উদ্দিন ২০১০-১২ সালে সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্লাস্টিক পণ্য, আবাসন, গণমাধ্যম, তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসার সঙ্গে জড়িত। সম্প্রতি কার্যক্রমে আসা বেঙ্গল কমার্শিয়ালের ব্যাংকের চেয়ারম্যান তিনি।
এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, জসিম উদ্দিনের নেতৃত্বে উন্নত বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে কাজ করবে নতুন পর্ষদ। এতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়তে যুগোপযোগী কিছু কাজ হাতে নিয়েছি আমরা। এসব কাজ ধারাবাহিকভাবে নতুন কমিটি এগিয়ে নেবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
