বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাদ দিয়ে প্রিমিয়ার লিগে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। মোহামেডানের হয়ে খেলার অনুমতি চেয়ে কদিন আগে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসকে (সিসিডিএম) চিঠি দিয়েছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার। তার আবেদন মঞ্জুর করেছে সিসিডিএম।
গতকাল লিগের নিয়ন্ত্রক সংস্থা সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন বলেছেন, ‘যেহেতু সে (সাকিব) ফ্রি প্লেয়ার, আমরা তার চিঠি যাচাই-বাছাই করে অনুমতি দিয়েছি। সাকিব মোহামেডানে খেলবে।’ গতকাল খেলোয়াড় তালিকায় সাকিবের নাম অন্তর্ভুক্ত করার জন্য নিবন্ধন ফর্মও তুলেছে মোহামেডান।
ভারত থেকে ফিরে বর্তমানে কোয়ারেন্টাইনে থাকা সাকিবকে পেয়ে বেশ খুশি মোহামেডান শিবির। তার হাতে নেতৃত্বের ভার তুলে দিতে চায় ক্লাবটি। গতকাল ক্লাবের ক্রিকেট কমিটি মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। আগামী ৩১ শুরু হবে প্রিমিয়ার লিগ। টি-২০ ফরম্যাটে অনুষ্ঠেয় লিগে এবার নিয়মিত হেড কোচ সোহেল ইসলামকে পাবে না মোহামেডান। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন তিনি। সোহেল ইসলামের জায়গায় মোহামেডানের কোচের দায়িত্বে দেখা যেতে পারে মেহরাব হোসেন অপিকে। এছাড়া চলতি সপ্তাহে লিগের জন্য ক্লাবটির অনুশীলন শুরু হতে পারে।
