পিএসজির শিরোপা লড়াই

আপডেট : ১৭ মে ২০২১, ২২:১৯

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবচেয়ে ছোট করে দেখা হয় ফ্রেঞ্চ লিগকে। পিএসজি বাদে আর কোনো দল সেরকম শক্তিশালী না বলেই গুরুত্ব দেওয়া হয় না ফরাসি লিগকে। তবে এবার লিলঁ অঘটন ঘটানোর পথে। নেইমার-এমবাপ্পের পিএসজি নয়, লিগ ওয়ান শেষ রাউন্ডে চলে যাওয়ার পর পয়েন্ট টেবিলের শীর্ষে এই ক্লাবটি। নিজেদের শেষ ম্যাচে অঁজের বিপক্ষে জিতলে ৯ বছর পর লিগ শিরোপা জিতবে তারা। পিএসজি অবশ্য আশা হাল ছাড়ছে না। কেননা তারা পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে। রবিবার রিমঁকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ৩৭ ম্যাচ শেষে পিএসজির পয়েন্ট দাঁড়িয়েছে ৭৯-তে। একই রাতে সেঁত এতিঁয়েনের বিপক্ষে ড্র করায় সমান ম্যাচে লিলেঁর পয়েন্ট ঠেকেছে ৮০-তে। শেষ ম্যাচে লিলঁ কোনোভাবে পা হড়কালে আর পিএসজি নিজেদের জয় তুলে নিতে পারলে তাই টানা চতুর্থবারের মতো ফরাসি লিগ চ্যাম্পিয়ন হবেন নেইমার-এমবাপ্পেরা।