করোনা মোকাবিলায় সরকার সম্পূর্ণ ব্যর্থ :ফখরুল

আপডেট : ১৭ মে ২০২১, ২৩:০৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা ভাইরাস মোকাবিলায় সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তাদের কোনো যোগ্যতা নেই। তারা শুধু দুর্নীতির জন্য, লুটপাটের জন্যই আজকে জনগণকে দুর্ভোগে ফেলেছে। গতকাল সোমবার সকালে কালিবাড়ির নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা সরকারকে অনেক আগে থেকেই বলে আসছি করোনা মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নিতে। কিন্তু সরকার তাতে কর্ণপাত করেনি। এখানে সরকারের চরম ব্যর্থতা ও উদাসীনতা শুধু বলব না, এটা হচ্ছে তাদের অজ্ঞানতা এবং সম্পূর্ণ ব্যর্থতা। তাদের ব্যর্থতার কারণেই আজকে এ অবস্থার সৃষ্টি হয়েছে। সরকার নামেমাত্র লকডাউন দিয়েছে।’

তিনি বলেন, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরকে কেন্দ্র করে সরকার নিজেরাই বিভিন্ন ঘটনা ঘটিয়ে সেটি বিরোধীদের ওপর চাপাচ্ছে। বিরোধীদের নামে মামলা দিয়ে গণগ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের ঈদের মধ্যেও জামিন দেওয়া হয়নি। সরকারের করোনা সংক্রমণ প্রতিরোধ করার কোনো ইচ্ছা নেই। এখানে দুটি সুবিধা পায় তারা। একটা হলো মানুষ যদি মরে যায় মরুক। অন্যটা হলো সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য খাতে বিরাট দুর্নীতির সুযোগ সৃষ্টি করা।

মির্জা ফখরুল বলেন, ‘সরকার প্রণোদনা ঘোষণা করেছে, সেই প্রণোদনার টাকা তারা নিজেরাই লুটপাট করে খায়। আমরা প্রথম থেকে বলে আসছি, এখানে জনসাধারণকে সম্পৃক্ত করতে হবে। রাজনৈতিক, সামাজিক সংগঠন ও এনজিওগুলোকে সম্পৃক্ত করতে হবে। করোনায় বিধিনিষেধ মানাতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া আরেকটা  বুমেরাং। পুলিশ কী করবে আমরা জানি।’