বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেছেন, ‘বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ভ্যাকসিন উত্পাদনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্র সরকার।’ গতকাল সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের আমন্ত্রণে মন্ত্রণালয়ে দেখা করতে যান মিলার। সেখানে তিনি এসব কথা বলেন। কোভিড-১৯ মহামারি পরিস্থিতি মোকাবিলায় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাসহ বাংলাদেশের জরুরি প্রয়োজনে ভ্যাকসিন সরবরাহের বিষয়েও তারা আলোচনা করেন। বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে যুক্তরাষ্ট্র কাজ করছে উল্লেখ করে মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ এশিয়া অঞ্চলে ভ্যাকসিন সরবরাহের সুপারিশ করা হয়েছে।’ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিলার বলেছেন, ‘যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশি ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ভ্যাকসিন উত্পাদনের সম্ভাব্যতা খতিয়ে দেখছে।’ এছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফিলিস্তিনে রক্তক্ষয়ী সংঘাত বন্ধে অবিলম্বে যুক্তরাষ্ট্রকে কার্যকর ভূমিকা পালনেরও আহ্বান জানান। এছাড়া বিশালসংখ্যক শিক্ষার্থী পড়ালেখার জন্য যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সমস্যায় পড়েছেন বলে উল্লেখ করে তাদের ভিসার জন্য নির্দিষ্ট সময়ে সাক্ষাত্কারের আহ্বান জানান। তবে লকডাউন পরিস্থিতির কারণে অনেক কাজ জমে গেছে উল্লেখ করে তা দ্রুত শেষ করার বিষয়ে নিশ্চয়তা দেন রাষ্ট্রদূত রবার্ট মিলার।
