ইসরাইল-ফিলিস্তিন সংঘাত

এক সপ্তাহে তৃতীয় বারের মতো ভেটো দিল যুক্তরাষ্ট্র

আপডেট : ১৭ মে ২০২১, ২৩:১৯

ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘাত নিয়ে রবিবার রাতে তৃতীয় বারের মতো জরুরি বৈঠকে বসে জাতিসংঘ। এতে ইসরাইলের বিরুদ্ধে যৌথ বিবৃতি দেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু যুক্তরাষ্ট্রের বাধায় সেই বিবৃতি দেওয়া সম্ভব হয়নি। চীনও অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্রের ভেটোতে এই চেষ্টা ভেস্তে গেছে। এদিকে ২৫ জনের বেশি মার্কিন ডেমোক্র্যাট সিনেটর দ্রুত ইসরাইল ও ফিলিস্তিনকে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। খবর আলজাজিরা ও সিএনএনের

যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে জরুরি বৈঠকে কোনো ফল আসেনি। এর আগেও দুই বার একইভাবে ইসরাইলের পক্ষে অবস্থান নিয়ে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। বিবৃতিতে ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছিল। এছাড়া ইসরাইলের বিমান হামলার নিন্দা জানানো হয়েছিল। জাতিসংঘে মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বলেছেন, কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের জন্য যুক্তরাষ্ট্র অক্লান্ত পরিশ্রম করছে। তিনি বলেন, একটি যুদ্ধবিরতির জন্য যুক্তরাষ্ট্র সবসময়ই প্রস্তুত। জানা গেছে, নরওয়ে, চীন এবং তিউনিশিয়ার চেষ্টায় সবাই একমত হলেও যুক্তরাষ্ট্রের বাধায় কোনো যৌথ বিবৃতি দেওয়া সম্ভব হয়নি।

সৌদি আরব, কাতার ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে কথা বলেছেন। তারা ইসরাইলকে বিমান হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্রকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তবে অ্যান্টনি ব্লিনকেন আবারও হামাসের রকেট থেকে ইসরাইলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলে জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেনও একই মন্তব্য করেছিলেন। বাইডেন প্রশাসন এমন ভূমিকা নিলেও জর্জিয়ার সিনেটর জন ওসোফের নেতৃত্বে ডেমোক্র্যাট দলের ২৫ জনের বেশি সিনেটর দ্রুত একটি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সিনেটর বার্নি স্যান্ডার্সও ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছেন। তিনি এ নিয়ে নিউ ইয়র্ক টাইমসে একটি নিবন্ধও লিখেছেন।