শিবচরে সংঘর্ষের ঘটনায় দুই মামলায় গ্রেফতার ৩৯

আপডেট : ১৭ মে ২০২১, ২৩:২১

করোনার কারণে শিবচরে স্থগিত হওয়া নির্বাচনের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে শনিবার সংঘর্ষের ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঐ দিনের সংঘর্ষে সাত জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়। এর আগে সংঘর্ষের রাতে ইউপি চেয়ারম্যান প্রার্থী মনোয়ার হোসেন বেপারীসহ সাত জনকে গ্রেফতার করে পুলিশ। দুটি মামলায় এ পর্যন্ত ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কুতুবপুর ইউনিয়নে করোনার কারণে স্থগিত হওয়া নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আতিকুর রহমান মাদবর ও মনোয়ার হোসেন বেপারীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৯৬ জনকে আসামি করে শিবচর থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে পুলিশ সোমবার ভোররাতে কুতুবপুর ইউনিয়ন পরিষদ থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল বেপারীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সেখানে জড়ো হয়ে বৈঠক করছিল বলে        পুলিশ জানায়। এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিকুর রহমান মাদবর ও সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন বেপারীর মধ্যে আগে থেকেই বিরোধ চলছিল। শনিবার সন্ধ্যায় ঐ ইউনিয়নের আকনকান্দি গ্রামের একটি রাস্তায় আতিক মাদবরের সমর্থক মিরাজ আকন ও মনোয়ার বেপারীর সমর্থক তুষার বেপারীর সঙ্গে ইউপি নির্বাচন নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায় তুষার বেপারী মিরাজ আকনকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। এ খবর ছড়িয়ে পড়লে মনোয়ার বেপারীর সমর্থক সাবেক ইউপি সদস্য আ. সালাম মাদবরকে (৬৫) তার দোকানে ঢুকে আতিক মাদবরের সমর্থক কাউসার বেপারীসহ কয়েক জন মিলে মারধর করে। এরই জের ধরে রাত আনুমানিক ৮টার দিক সাহেব বাজারে মনোয়ার বেপারীর বাড়ি সংলগ্ন আতিক মাদবরের সমর্থক স্থানীয় আওয়ামী লীগ নেতা দুলাল বেপারীর একটি মার্কেটে মনোয়ার বেপারীর ছোট ভাই মানজার বেপারীর নেতৃত্বে ভাঙচুর চালায়। এ সময় দুলাল বেপারীসহ আতিক মাদবরের সমর্থকরা মার্কেটের সামনে জড়ো হলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এ সময় মাহবুবুর রহমান (৩৮), এসকান বেপারী (৪০), কাউসার বেপারী (৩৭), আ. রাজ্জাক মাদবর (৬৫), ওবায়দুল বেপারীসহ সাত জন গুলিবিদ্ধ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়।

শিবচর থানার তদন্ত ওসি আমির হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় দুই পক্ষ পৃথক দুটি মামলা দায়ের করেছে। আজ সকালে দুলাল বেপারীসহ ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।