বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটে। ইত্তেফাক ব্যুরো, স্টাফ রিপোর্টার, প্রতিনিধি ও সংবাদদাতাদের খবর—
রাজধানী : গুলশানে সড়ক দুর্ঘটনায় এক গৃহকর্মী নিহত হয়েছেন। রবিবার দিবাগত রাতে শাহাজাদপুর খালপাড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি শাহিনুর আক্তার নামে ঐ গৃহকর্মীকে ধাক্কা দিয়ে চলে যায়। ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তার স্বামীর নাম আব্দুস সাত্তার। তাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের খানুর গ্রামে।
নারায়ণগঞ্জ : সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাঁচপুর সেতুর পশ্চিমপাড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—কুমিল্লার চান্দিনা থানার নোয়াগাঁওয়ের নজরুল ইসলামের ছেলে ফয়সাল আহমেদ (৩০) ও সিরাজুল ইসলামের ছেলে ফয়সাল আরাফাত (২৮)। পুলিশ জানায়, আহমেদ বসুন্ধরা গ্রুপে চাকরি করতেন ও আরাফাত ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষক।
ত্রিশাল (ময়মনসিংহ) : ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি গাড়ির ধাক্কায় পিকআপে থাকা একই পরিবারের নারী ও শিশুসহ তিন জন নিহত হয়েছেন। এরা হলেন—আমিনুল ইসলাম (৩৫), তার বোন নাজমা খাতুন (৩২) ও নাজমা খাতুনের মেয়ে লালমনি (৭)। তারা সবাই শেরপুর সদর উপজেলার বাঘের চর গ্রামের বাসিন্দা বলে জানা যায়। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
খুলনা : খুলনায় ট্রাক ও মাহিন্দ্রার সংঘর্ষে রিন্টু (৩৮) নামে একজন নিহত ও ছয় জন আহত হয়েছেন। গতকাল ফুলতলা উপজেলার খুলনা-যশোর মহাসড়কের দামোদরে এ দুর্ঘটনা ঘটে। রিন্টু যশোর কতোয়ালি থানার শেখহাটির মতিয়ার রহমানের ছেলে। এদিকে, একই দিন ডুমুরিয়া উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কের বরাতিয়া বিশ্বাস বাড়ির মোড়ে খুলনা নৌপুলিশের পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও একটি ইঞ্জিনচালিত ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে পাঁচ জন আহত হয়েছেন।
কিশোরগঞ্জ : মিঠামইনে অলওয়েদার সড়কে মোটরসাইকেলে ঘুরতে গিয়ে একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই বন্ধু প্রাণ হারিয়েছেন। এরা হলেন—কিশোরগঞ্জ সদরের বৌলাই গ্রামের সুনম (২৩) ও রফিকুল (২৪)। গত রবিবার বিকালে ঢাকী ব্রিজ ও মামুদপুরের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গামাটি ও বাঘাইছড়ি : বাঘাইছড়িতে চাঁদের গাড়ি (জিপ) উলটে এক জন নিহত ও তিন জন আহত হয়েছে। গতকাল বাঘাইছড়ি-দিঘীনালা সড়কের দুইটিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মোফাজ্জল হোসেন।
গফরগাঁও (ময়মনসিংহ): গফরগাঁওয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে হায়াত আলী (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার বিকালে উপজেলার পাগলা থানার ত্রিমোহনী মুক্তিযোদ্ধা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হায়াত শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাঠানটোলা গ্রামের বাসিন্দা।
নাটোর : নাটোরে চলন্ত ট্রাক থেকে পড়ে বাসচাপায় স্বাধীন (২১) নামে এক হেলপার নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় হয়বতপুর বাজার এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্বাধীন রাজশাহীর চারঘাট থানার মৃত এমদাদ হোসেনের ছেলে।
