সন্দেহের তির জামায়াত-বিএনপি থেকে দলে অনুপ্রবেশকারীদের দিকে
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা
মহেশপুরে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও সাবেক এমপির ছবিসংবলিত ঈদ শুভেচ্ছার তোরণ ভাঙচুরের ঘটনায় রবিবার বিকালে যুবলীগ নেতা মিঠুন ওরফে লিটন মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন। সন্দেহের তির এখন জামায়াত-বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী হাইব্রিড নেতাদের দিকে। এখনো কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বলছে প্রতিহিংসা থেকে ঘটনা ঘটতে পারে।
জানা গেছে, কেন্দ্রীয় যুবলীগ নেতা ঝিনাইদহ ৩ আসনের সাবেক এমপি মো. নবী নেওয়াজ গত ১৩ মে খালিশপুর বাজারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসংবলিত ব্যানার দিয়ে ঈদ শুভেচ্ছার তোরণ নির্মাণ করেন। ঈদের রাতেই তোরণ ভাঙচুর করে ব্যানারগুলো ময়লা-আবর্জনার মধ্যে ফেলে দেওয়া হয়। গত দুই দিনে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি।
সাবেক এমপি নবী নেওয়াজ জানান, যে সব নেতাকর্মী তোরণটি নির্মাণ করেছিল তাদের পরিবারকে জামায়াত-বিএনপি থেকে আগত হাইব্রিড নেতারা হুমকিধমকি দেয়, যে কারণে থানায় অভিযোগ দিতে বিলম্ব হয়। তিনি বলেন, যারা জাতির পিতা বঙ্গবন্ধু ও তার মেয়ে শেখ হাসিনাকে সহ্য করতে পারে না তারাই এই ন্যক্কারজনক ঘটনা ঘটিয়েছে। এছাড়া অনুপ্রবেশকারীরা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য চক্রান্ত করছে। তিনি তদন্তপূর্বক দোষীদের শাস্তির দাবি করেন। মহেশপুর থানার এসআই সঞ্জয় কুমার জানান, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে। স্থানীয় প্রতিহিংসার কারণে ঘটনাটি ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার বিস্তারিত জানতে খালিশপুর বাজারে স্থাপন করা একটি সিসি টিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।
