আত্রাই (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর আত্রাইয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আত্রাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরদার শোয়েবের (৪০) আহত হওয়ার ঘটনায় তার স্ত্রীর দায়ের করা মামলায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার দিবাগত রাতে সাহেগঞ্জ গ্রামের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার থেকে জানা যায়, গত রবিবার উপজেলা পরিষদ নিউ মার্কেটের দ্বিতীয় তলায় সরদার শোয়েব তার বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘আত্রাই ইনফরমেশন সেন্টার’ এ কর্মরত ছিলেন। এক পর্যায়ে কতিপয় যুবক দেশীয় অস্ত্র নিয়ে সেখানে এসে শোয়েবের ওপর অতর্কিত আক্রমণ করে তার হাত-পায়ের রগ কেটে দেয়। তাত্ক্ষণিকভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর রাতে আহত সরদার শোয়েবের স্ত্রী সাবিনা সুলতানা ঝর্ণা বাদী হয়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগমকে মূল পরিকল্পনাকারী ও তার ছেলে মির্জা রাব্বিসহ ১২ জন এবং অজ্ঞাত আরো কয়েক জনকে আসামি করে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত মমতাজ বেগমকে গতকাল সোমবার নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
